
কোপা আমেরিকার গত দুটি আসরেই ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু চিলি বাধায় কোনোবারই চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। দুবারই চ্যাম্পিয়ন হয়েছিল চিলি, রানারআপ থেকেই শেষ করতে হয়েছিল আর্জেন্টিনাকে। অবশেষে সেই চিলিকেই কোপার আসরে হারিয়েছে মেসির দল। কিন্তু প্রতিশোধ আর হলো কই? তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মেসিদের এই জয়টা সান্ত্বনা পুরস্কারের থেকে বেশি কিছু নয়।
গত দুবারের ফাইনালিস্ট আর্জেন্টিনা আর চিলি এবারের কোপায় বাদ পড়ে গেছে সেমিফাইনাল থেকে। ফলে তারা মুখোমুখি হয়েছিল তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে। যেখানে চিলির বিপক্ষে ২-১ গোলের জয়ে তৃতীয় হয়ে কোপা শেষ করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার পক্ষে গোল দুইটি করেছেন সার্জিও আগুয়েরো ও পাওলো দিবালা। চিলির পক্ষে একটি গোল শোধ করেছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় লিওনেল মেসির সতীর্থ আর্তুরো ভিদাল।দলের জয়ের দিনে হতাশায় ডুবেছেন মেসি। প্রায় ১৪ বছর পর দ্বিতীয়বারের মতো লাল কার্ড দেখতে হয়েছে তাকে। ২০০৫ সালে আর্জেন্টিনার জার্সিতে নিজের অভিষেক ম্যাচেই প্রথম লাল কার্ড দেখেছিলেন তিনি।
করিন্থিয়াস এরেনায় ম্যাচের ৩৭ মিনিটের মাথায় পাওলো দিবালার বাড়ানো বল মাঠের মধ্যে রাখতে গিয়ে চিলির ডিফেন্ডার গ্যারি মেডেলের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় মেসির। মেডেল বারবার ধাক্কা মারতে থাকলেও মেসি ছিলেন নির্লিপ্ত। তবু মেডেলকে ফাউল করতে উৎসাহিত করার অপরাধে এবং মাথা দিয়ে আঘাত করার ইঙ্গিত করায় মেডেলের সঙ্গে মেসিকেও লাল কার্ড দেখান রেফারি। ফলে দুই দলই পরিণত হয় দশ জনে।মেসি লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। ম্যাচের প্রথম ৪৫ মিনিটেই জোড়া গোল করে ফেলে স্কালোনির শিষ্যরা।
