
সিএমএইচে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে কোথায় কবর দেওয়া হবে, তা নিয়ে আলোচনা হয়েছে দলটির নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের জরুরি সভায়।
বুধবার এরশাদের বনানী কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভার এরশাদের শারীরিক অবস্থার পাশাপাশি এরশাদের কবরস্থান কোথায় হবে- এ বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়।
জাপার ভারপ্রাপ্ত সভাপতি জি এম কাদেরের সভাপতিত্বে সভায় এরশাদের কবর নিয়ে ব্যাপক আলোচনা হলেও এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
এরশাদকে শঙ্কাজনক অবস্থায় সিএমএইচে রেখেই বুধবার বিকালে বৈঠকে বসেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যরা। এ সময় দলের সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতেই এরশাদের শারীরিক অবস্থা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জি এম কাদের। একপর্যায়ে হাউমাউ করে কেঁদে ফেলেন তিনি। এ সময় প্রেসিডিয়ামের সদস্যরাও অশ্রু সংবরণ করতে পারেননি। নীরবে চোখের পানি মুছেছেন অনেকেই।
দীর্ঘ আলাপে এরশাদের চিকিৎসা নিয়ে আলোচনা উঠে আসে। সিএমএইচে চিকিৎসা নিয়ে সন্তুষ্টির কথা জানান নেতারা। তারা বলেছেন, দরকার হলে জরুরিভিত্তিতে বাইরে পাঠানো হোক। কিন্তু শারীরিক দুর্বলতার কারণে বাইরে যাওয়ার মত পরিস্থিতি নেই জানানো হলে প্রয়োজনে বিদেশ থেকে বিশ্বমানের চিকিৎসক আনার কথা বলেন নেতারা। এজন্য তারা যাবতীয় খরচ বহন করতেও রাজি। দলের প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশিদ এক পর্যায়ে বলেন, পার্টির চেয়ারম্যানকে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশ পাঠানো হোক। যাবতীয় খরচ আমিই দেব।
সূত্র জানায়, প্রেসিডিয়ামের জরুরি সভায় এরশাদের কবর নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। দলের কয়েকজন প্রেসিডিয়াম সদস্য বলেন, পার্টির চেয়ারম্যানকে সেনানিবাস অথবা সংসদ প্রাঙ্গণে কবর দিতে। তবে এর বিরোধিতা করে কেউ কেউ বলেন, এসব জায়গায় কবর দেওয়া হলে সর্বস্তরের মানুষ যখন তখন এরশাদের কবরে যেতে পারবে না। সংরক্ষিত জায়গা বাদ দিয়ে ঢাকার নিজস্ব কেনা জায়গায় পাবলিক প্লেসে কবরস্থান ঠিক করতে বলেন নেতারা।
