১ জুলাই শুরু আওয়ামী লীগের সদস্য সংগ্রহ

আগামী ১ জুলাই থেকে নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক ও ওবায়দুল কাদের।
তিনি বলেন, আগামী ১ জুলাই থেকে নতুন সদস্য সংগ্রহের অভিযান কর্মসূচি শুরু করবে আওয়ামী লীগ। এবার সদস্য নবায়নের চেয়ে নতুন সদস্য সংগ্রহে গুরুত্ব দেয়া হবে। জেলা, উপজেলা শাখা নিয়মাবলী মেনে সদস্য সংগ্রহের বই করবে ও সদস্য সংগ্রহ করবে। সেই নির্দেশনা দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা।
তিনি বলেন, অনেক নবীন এবার নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছে। এর মধ্যে ক্লিন চরিত্রের যারা আছে, আমরা তাদের নতুন সদস্য করবো। অন্য দল আগত কাউকে সদস্য করার ব্যাপারে দলের কোনো সিদ্ধান্ত নেই। সাধারণ রক্তের সম্পর্কের ব্যাপারটা বিশেষ করে যুদ্ধাপরাধে অভিযুক্তদের ছেলেমেয়ের বিষয়টি গুরুত্ব দিয়েই দেখবো। যাকে সদস্য করা হবে তার ব্যাকগ্রাউন্ড চেক করা, ক্রিমিনাল রের্কড আছে কিনা, কোনো সাম্প্রদায়িক দলের সঙ্গে সম্পর্ক আছে কিনা, সে বিষয়গুলো দেখা হবে।
ছাত্রলীগে চলমান সঙ্কটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগের ব্যাপারে আমাদের চারজন সহকর্মীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব দিয়েছেন। কাজেই এ সম্পর্কে আপনারা কিছু জানতে চাইলে তারা জবাব দেবেন।দায়িত্বপ্রাপ্তরা সঙ্কট নিরসনে ব্যর্থ হলে দলের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, তারা সফল কি ব্যর্থ, তার বিচার প্রধানমন্ত্রী করবেন। আমি নিজেও এ বিষয়ে খুব বেশি কিছু একটা জানি না। দায়িত্বপ্রাপ্ত নেতারা ভালো বলতে পারবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দলের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, তথ্যপ্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি ও আনোয়ার হোসেন প্রমুখ।