
ইসলামে ইবাদতের পরিধি সীমাহীন বিস্তৃত। মুমিনের প্রতিটি কর্ম আল্লাহর কাছে ইবাদত হিসেবে গণ্য হবে। তবে শর্ত হলো, আল্লাহর হুকুম মোতাবেক ও রাসুল (সা.) এর সুন্নত-পদ্ধতিতে হতে হবে। সব ধরনের নেক আমল বা ইবাদত কী কী—সংক্ষিপ্ত পরিসরে উল্লেখ করা সম্ভব নয়। কোন কোন ধরনের ইবাদত রয়েছে এবং কীভাবে নিজের প্রয়োজনীয় কাজ করলেও ইবাদতের সওয়াব পাওয়া যাবে—তা জানার জন্য ইমাম মুনজিরির লিখিত ‘আত-তারগিব ওয়াত তারহিব’ পড়া যেতে পারে। তবে কোনো বিজ্ঞ আলেমের তত্ত্বাবধানে অধ্যয়ন সম্ভব হলে অধিক ফলপ্রসূ হবে বলে আশা করা যায়।
এছাড়াও ইমাম নববি (রহ.) কর্তৃক সংকলিত অনবদ্য হাদিসগ্রন্থ ‘রিয়াদুস সালেহিন’ও অধ্যয়নে থাকতে পারে। বিশেষত রিয়াদুস সালেহিনের ‘ফাযায়েল অধ্যায়’ একজন মুমিনের জন্য অসাধরণ ও চমৎকার জীবনযাপনের রসদ যোগাবে। গ্রন্থটির বাংলা অনুবাদ রয়েছে বেশ কয়েকটি। শায়খ আবু বকর আল-জাজায়েরির ‘মিনহাজুল মুসলিম’ গ্রন্থটিও অন্যন্য। এটি একজন মুমিনের পার্থিব জীবনকে গোছালো, শৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ করার চমৎকার দিক-নির্দেশক।
দৈনিক পালনীয় নেক আমল
• পাঁচ ওয়াক্ত নামাজ। • নামাজের জন্য ওজু করা। • ওজু ও নামাজের সময় মিসওয়াক করা। • জামাতের সঙ্গে নামাজ আদায় করা। • সুন্নত নামাজগুলো আদায় করা (ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ, বিতিরের নামাজ)। • সকাল-সন্ধ্যার জিকির-আযকার। • রাত-দিনের জিকির-আযকার (ঘরে প্রবেশের দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া, মসজিদে প্রবেশ ও মসজিদ থেকে বের হওয়ার দোয়া, টয়লেটে প্রবেশ ও টয়লেট থেকে বের হওয়ার দোয়া, পানাহারের দোয়া, ফরজ নামাজের শেষে পঠিতব্য দোয়া ইত্যাদি)। • ইমামের সঙ্গে আজানের শব্দাবলি উচ্চারণ।
সাপ্তাহিক নেক আমল
• জুমার নামাজ আদায়। • জুমাবার দিনে বা রাতে সুরা কাহাফ তেলাওয়াত করা। • জুমাবার দিনে বা রাতে বেশি বেশি দুরুদ শরিফ পড়া। • সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখা।
মাসিক নেক আমল
• প্রত্যেক মাসের তিনদিন রোজা রাখা (উত্তম হচ্ছে ‘বিযে’র দিনগুলোতে বা চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখা)।
