ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ১ লাখ টাকা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ এবং আহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি।
বুধবার সকাল সোয়া ১০ টার দিকে দুর্ঘটনায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে রেলমন্ত্রী এ অর্থ সহায়তার ঘোষণা দেন। এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপিও উপস্থিত ছিলেন।
রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, এই দুর্ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এরই মধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোন ত্রুটি বা গাফিলতি হয়েছে কি না তা তদন্ত করে দেখা হবে। তদন্তে দোষী প্রমাণ হলে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।দুই মন্ত্রী ভোরে ঢাকা থেকে উপবন এক্সপ্রেস ট্রেনে করে সিলেটে এসে পৌঁছান।
রেলমন্ত্রী দুর্ঘটনার নিহতদের পরিবারের সমবেদনা জানান এবং আহতদের সুচিকিৎসার নিশ্চয়তা দেন। এছাড়া দুর্ঘটনার পর যারা বিভিন্নভাবে সহযোগীতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মন্ত্রী।
ট্রেন দুর্ঘটনায় আহত হয়ে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহীর দুর্গাপুর উপজেলার রসুলপুর গ্রামের সেলিম রেজা ও বরিশাল শহরের হরিশংকরপুর গ্রামের শরীফ হোসেনের হাতে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।