লাইনচ্যুত হয়ে ট্রেনের বগি নদীতে: নিহত ৭, আহত ২ শতাধিক

বড় দুর্ঘটনার কবলে পড়েছে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস। রোববার রাত ১২টার দিকে কুলাউড়ার বরমচাল রেলক্রসিং এলাকায় চলন্ত ট্রেনের ৫ টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়।এ ঘটনায় এ পর্যন্ত ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া বহু হতাহতের আশঙ্কা করেছে স্থানীয় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১২টার দিকে কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে ঢাকাগামী উপবনের বগি ছিটকে পড়ে। রাতে সিলেট স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ওই ট্রেনটি ছেড়ে যায়।
এদিকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার একটি সেতু ভেঙে পড়ায় সিলেটের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগও পাঁচ দিন ধরে প্রায় বন্ধ রয়েছে।
ওই দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে ট্রেনটির যাত্রীরা জানিয়েছেন। নদীতে ছিটকে পড়া বগি থেকে মানুষের আর্তনাদ ভেসে আসতে শুনেছেন বলে জানিয়েছেন একাধিক যাত্রী।দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছে। তবে কর্তৃপক্ষের কেউ এখনও হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি।