
কাগজ আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক কমিয়ে পাঁচ শতাংশ করার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ছয়টি সংগঠন। তারা বলেছে, পাঁচ শতাংশ শুল্ক আরোপ করে কাগজ আমদানির সুযোগ দিলে, বন্ডের অবৈধ ব্যবহার বন্ধ হবে, বাজার স্থিতিশীল হবে, রাজস্ব বাড়বে এবং মুদ্রণ শিল্প বিকশিত হবে।
শনিবার রাজধানীর পুরানা পল্টনের পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে বাজেট পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর পক্ষ থেকে ওই দাবি জানানো হয়। ব্যবসায়ীদের ছয় সংগঠন- বাংলাদেশ পেপার ইম্পোটার্স এসোসিয়েশন, বাংলাদেশ পেপার মার্চেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন সমিতি, চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপ, মেট্রোপলিটন প্রেস ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির এই ব্রিফিংয়ের আয়োজন করে।দেশের মুদ্রণ, প্রকাশনা ও প্যাকেজিং শিল্পের প্রধান কাঁচামাল হিসেবে ডুপ্লেক্স বোর্ড, আর্ট পেপার, আর্ট কার্ড, সুইডিশ বোর্ড ও ফোল্ডিং বক্স বোর্ড আমদানিতে শুল্ক কমানোর দাবি জানায় সংগঠনগুলো।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পেপার্স ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুল ইসলাম ভরসা। এ সময় উপস্থিত ছিলেন—বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান শহীদ সেরনিয়াবাত, বাংলাদেশ পেপার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, বাংলাদেশ পঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন’র সভাপতি তোফায়েল খান, চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক মো. বেলাল এবং মেট্রোপলিটন প্রেস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান উজ্জ্বল।
সংবাদ সম্মেলনে শহীদ সেরনিয়াবাত বলেন,প্লাস্টিক কাঁচামাল সমগ্রী অপব্যবহার রোধকল্পে দুই বছর আগে জাতীয় রাজস্ব বোর্ড আমদানিতে পাঁচ শতাংশ শুল্ক হার নির্ধারণ করে। ফলে এ খাত থেকে বর্তমান সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় করছে। কাগজ ও কাগজ বোর্ড খাতে অনিয়ম রোধ করে বাণিজ্যিক আমদানির ক্ষেত্রে পাঁচ শতাংশ শুল্ক করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।
