
শুক্রবার (২১ জুন) দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে ‘বাজেট ২০১৯-২০২০ ও নাগরিক ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন এম হাফিজউদ্দিন খান। গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুজন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনু মোহাম্মদ, সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সুজনের সহ-সম্পাদক জাকির হোসেন, সাবেক সচিব ও কলামিস্ট আব্দুল লতিফ মণ্ডল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক ড. নাজনীন আহমেদ প্রমুখ।
এম হাফিজউদ্দিন বলেন, ‘বাজেট আলোচনায় প্রান্তিক মানুষের সমস্যা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। আমরা দেখেছি, বাজেটে কৃষকের সমস্যা দেখা হয়নি। ধানের উৎপাদন মূল্য কম হওয়ার জন্য ভর্তুকি দেয়ার দরকার ছিল, সে বিষয়ে পর্যাপ্ত পদক্ষেপ বাজেটে নেয়া হয়নি।’
বদিউল আলম মজুমদার বলেন, ‘বর্তমানে অনেক উন্নয়ন প্রকল্প হচ্ছে। এর অনেকগুলো জিডিপি বৃদ্ধিতে ভূমিকা রাখলেও রামপাল এবং রূপপুর বিদ্যুৎ প্রকল্পের মতো অনেক প্রকল্প হলো আমাদের জন্য ভয়ানক প্রকল্প। ভূমিকম্প হলে রূপপুর প্রকল্প আমাদের জন্য ভয়াবহ পরিণতি বয়ে নিয়ে আসবে। রূপপুর প্রকল্প থেকে যে বর্জ্য নির্গত হবে তার কী ব্যবস্থা হবে, আমরা সে সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানি না।’
