স্মার্টফোন আমদানির ওপর আরোপিত বর্ধিত কর প্রত্যাহারের দাবি বিএমবির

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্মার্টফোন আমদানির ওপর আরোপিত ২৭ পার্সেন্ট বর্ধিত কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী এসোসিয়েশন (বিএমবিএ)।
আজ বুধবার সকালে, জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ নিজাম উ‌দ্দিন জিটু বলেন, মোবাইল ফোন আমদানিতে অতিরিক্ত শুল্ক ও কর আরোপের ফলে দেশের অর্থনী‌তি‌তে ক্ষ‌তির প্রভাব পড়বে।জনগণ মোবাইল ফোন ব্যবহার কমিয়ে দিবে। যার ফলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও কমে যাবে আর এটি বাংলাদেশের অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব পড়তে পারে। কর আরোপের ফলে সরকার বিপুল রাজস্ব হারাবে মন্তব্য ক‌রে তি‌নি আরও ব‌লেন, বর্তমানে দেশের অবৈধ মোবাইল সেটের সংখ্যা ৩ কোটি। একটি স্মার্টফোনের আমদানি শুল্ক ৩০০০ টাকা ধর‌লে শুধু এই অবৈধ মোবাইল সেটের কারণে সরকার রাজস্ব হারিয়েছে প্রায় নয় হাজার কোটি টাকা। স্মার্টফোন আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপের ফলে অবৈধ আমদানি আরও বেড়ে যাবে যার ফলে বছরে প্রায় ১২ হাজার কোটি টাকার অর্থ পাচার হতে পারে এতে সরকারের বছরে প্রায় চার হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হবে। তিনি আরও বলেন, মোবাইল শিল্পের সাথে দেশের প্রায় ৫০ লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত স্মার্টফোন আমদানির ওপর অতিরিক্ত ২৭ শতাংশ করারোপ করলে চাকরিচ্যুত হবে হাজারো মানুষ, অনিশ্চয়তায় পড়বে লাখো পরিবার। তাই স্মার্টফোন শিল্পের সাথে জড়িত এসব মানুষ ও তাদের পরিবারের মানবিক দিক বিবেচনা করে এ কর আরোপ বন্ধ করার অনুরোধ করছি।
বাজারের অস্থিরতা সৃষ্টি হবে দাবি জানিয়ে এ ব্যবসায়ী নেতা বলেন, প্রস্তাবিত শুল্কের বর্ধিত হার কার্যকর হলে চোরাইপথে মোবাইল ফোন আমদানি বেড়ে যাবে। সরকার হাজার হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হবে। অর্থনীতি ঝুঁকির মধ্যে পড়বে। সাধারণ ব্যবসায়ীরা হয়রানির শিকার হবে। যার ফলে বাজারে অস্থিরতা সৃষ্টি হবে।
এ সময় বিএমবিএ ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট স্মার্টফোন আমদানির ওপর আরোপিত বর্ধিত কর প্রত্যাহার করার দাবি তুলে ধরে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হাবিবুর রহমান, স্মার্টফোন বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ সাকলাইন প্রমুখ উপস্থিত ছিলেন।