
৪২ হাজার মেগাওয়াটের সক্ষমতা থাকলেও মাত্র এক হাজার ৪০০ মেগাওয়াট জল বিদ্যুৎ উৎপাদন করছে নেপাল। আর বাকি ৪০ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে অন্য দেশের বিনিয়োগ চাইছে দেশটি। এক্ষেত্রে বাংলাদেশ চাইলেই এখাতে বিনিয়োগ করতে পারে।
বুধবার (১৯ জুন) কক্সবাজারে বিদ্যুৎ আমদানি ও বিনিয়োগের জন্য বাংলাদেশ ও নেপালের যৌথ উদ্যোগে গঠিত কারিগরি কমিটির বৈঠকে এই তথ্য জানিয়েছে নেপাল।এ বছরের শুরুর দিকে নেপালে অনুষ্ঠিত জয়েন্ট স্টিয়ারিং কমিটির বৈঠকে বাংলাদেশ ও নেপাল দুটি কমিটি গঠন করে। এর একটিকে উৎপাদন ও অন্যটিকে সঞ্চালন ব্যবস্থা কেমন হবে তা নিয়ে প্রতিবেদন তৈরি করতে বলা হয়। জয়েন্ট স্টিয়ারিং কমিটিতে দুই দেশের বিদ্যুৎ সচিব নেতৃত্ব দেন। সচিব পর্যায়ের এই বৈঠকের বিষয় পরে দুই দেশের সরকারের শীর্ষপর্যায়কে অবহিত করা হলে তারা এ নিয়ে আলোচনার সিদ্ধান্ত নেয়। এর প্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার বিকালে কক্সবাজারেই দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।নেপালের জল বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনায় দেখা গেছে, তিন ধাপে ১০ বছরে তারা ৪২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। এর মধ্যে নেপাল ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে
তিন বছরে নেপাল দুই হাজার মেগাওয়াট, পাঁচ বছরে তিন হাজার মেগাওয়াট এবং ১০ বছরে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। বাকি ২৭ হাজার মেগাওয়াট জল বিদ্যুৎ উৎপাদনে নেপাল অন্যদেশের বিনিয়োগ নেবে। এক্ষেত্রে নেপাল এবং ওই দেশকে একটি লাভজনক সমঝোতায় পৌঁছাতে হবে। কেন্দ্রটির সব বিদ্যুৎ অন্যকোনও দেশ কিনে নিলে নেপাল সেখান থেকে অর্থ আয় করতে পারে। এক্ষেত্রে নেপাল চাইলে কোনও বিনিয়োগ ছাড়াও মুনাফা করতে পারে।
