নির্মিত হচ্ছে আইয়ুব বাচ্চু চত্বর

ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু আর নেই। গত বছরের ১৮ অক্টোবর ভক্ত-শ্রোতাদের শোকের সাগরে ভাসিয়ে চিরবিদায় নেন তিনি। তাকে হারানোর শোকে মাতম নেমেছিল টেকনাফ থেকে তেঁতুলিয়া।
সেই রুপালি গিটার নিয়ে এবার গড়ে উঠছে আইয়ুব বাচ্চু চত্বর। চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়কে ঘোষণা করা হবে আইয়ুব বাচ্চু চত্বর হিসেবে। এমনটাই জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর তার নামাজের জানাজায় অংশ নিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণ করার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার অংশ হিসেবে নগরীর গুরুত্বপূর্ণ প্রবর্তক মোড়কে আইয়ুব বাচ্চু চত্বর হিসেবে গড়ে তোলা হবে।
সেই চুক্তি মোতাবেক সৌন্দর্যবর্ধনের আওতায় প্রবর্তক মোড়ে বসানো হচ্ছে আইয়ুব বাচ্চুর সেই রুপালি গিটারের আদলে একটি গিটার। এরই মধ্যে অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে। নিচু এলাকায় পানি জমার আশঙ্কার কারণে প্রবর্তক মোড়ে আপাতত কাজ স্থগিত রয়েছে। এই এলাকার ড্রেনের কাজ সম্প্রসারণ করার পর বাকি অংশের কাজ শুরু করা হবে।
মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আইয়ুব বাচ্চু আমাদের গর্ব। তার স্মৃতি সংরক্ষণের জন্য প্রবর্তক মোড়কে আইয়ুব বাচ্চু চত্বর করা এবং তার বিখ্যাত গান রুপালি গিটারের সেই গিটার স্থাপন করার জন্য উদ্যোগ নিয়েছি। সৌন্দর্যবর্ধনের আওতায় এ স্থাপনা নির্মাণের কাজ চলছে।