নারী উদ্যোক্তাবান্ধব হয়নি প্রস্তাবিত বাজেট

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) বান্ধব হলেও নারী উদ্যোক্তাবান্ধব হয়নি বলে মন্তব্য করেছেন উইমেন এন্টারপ্রেনার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (ওয়েন্ড) সভাপতি ড. নাদিয়া বিনতে আমিন।
মঙ্গলবার (১৮ জুন) রাজধানীর ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে প্রস্তাবিত বাজেট পর্যালোচনা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে ওয়েন্ডর সভাপতি বলেন, নারী উদ্যোক্তাদের জন্য বাজেটে তেমন কোনো কিছু দেখিনি। এবারের বাজেট এসএমইবান্ধব হয়েছে। তবে নারীবান্ধব হয়নি।
তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ও ভিশন ২০২১ অর্জনের লক্ষ্যে সামাজিক, আর্থিক, চিকিৎসা, অবকাঠামো নির্মাণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে যে সব সুচিন্তিত কর্মকৌশল ও দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে সেজন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ওয়েন্ড’র পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তবে প্রস্তাবিত বাজেটে উন্নয়নের সমঅংশীদার নারী উদ্যোক্তাবান্ধব পরিবেশের আরও কিছু প্রতিফলন থাকা প্রয়োজন বলে ওয়েন্ড মনে করে।
নারী উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত কোম্পানি সমূহে আমদানি-রফতানি শুল্ক হার হ্রাস করা হলে তা তাদের ব্যবসা প্রসারে সহায়ক হতো বলে ওয়েন্ড মনে করে।দেশের আটটি বিভাগে নারী উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া ও ব্যবসায়িক কার্যক্রমে সহযোগিতা দেওয়ার লক্ষ্যে একটি কর সাপোর্ট সেন্টারের জন্য ইতোপূর্বে অনুরোধ জানানো হলেও এ বিষয়েও বাজেটে কোনো আলোকপাত করা হয়নি। এছাড়াও সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বিভিন্ন ইকোনমিক জোন, এক্সপোর্ট প্রসেসিং জোন, বিসিক শিল্প নগরী, আইটি পার্ক ইত্যাদিতে নারী উদ্যাক্তাদের বিশেষ সুবিধায় প্লট বরাদ্দ দেওয়ার বিষয়ে কোনো আলোকপাত করা হয়নি বলে জানান ওয়েন্ড সভাপতি ড. নাদিয়া বিনতে আমিন।