
টেলিযোগাযোগ শিল্প সংশ্লিষ্ট খাতে নতুন করে কর ও শুল্কের প্রস্তাব করায় হতাশা প্রকাশ করেছে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। বাজেটে প্রস্তাবিত কর প্রত্যাহার এবং এই খাতের জন্য সুনির্দিষ্ট ও যুক্তিযুক্ত কর নীতিমালা চালু করার অনুরোধ জানিয়েছে তারা। তারা এই খাতে শুল্ক বাড়ানোকে ডিজিটাল সেবার অন্তরায় বলে মনে করছেন।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ লিখিত বক্তব্যে বলেন, বাজেটে মোবাইল টেলিযোগাযোগ শিল্প সংশ্লিষ্ট খাতে যেসব কর আরোপ করা হয়েছে,তা অত্যন্ত দুঃখজনক। এমন শুল্কারোপ করলে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন কঠিন হবে। এই খাতে বিনিয়োগকরীরা উৎসাহ হারাবে।প্রস্তাবিত কর ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে মোবাইল টেলিযোগাযোগ খাতের গুরুত্ব একটি বড় হোঁচট খাবে বলে মন্তব্য করেন তিনি।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবাংলা বিডি ২৪.কম পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ তানভীর আহমেদ
