
আজান মানে ঘোষণা বা আহ্বান। ইসলামি শরিয়তের পরিভাষায় নামাজ আদায়ের জন্য আরবি নির্দিষ্ট শব্দমালা দ্বারা উচ্চ স্বরে ঘোষণা দেওয়াকে আজান বলে। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য আজান দেওয়া সুন্নতে মুয়াক্কাদাহ। নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগে আজান দেওয়া যাবে না। কখনো কেউ দিয়ে ফেললে ওয়াক্ত হলে আবার আজান দিতে হবে। নারীদের আজান ও ইকামাত দেওয়া জায়েজ নয়। আজান ও ইকামাত জামাতের নামাজের জন্য সুন্নত, একার জন্যও দেওয়া উত্তম।
আজানের পর নামাজ শুরুর ঠিক আগ মুহূর্তেই দেয়া হয় ইক্বামত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজানের পর মুমিন মুসলমানের জন্য কিছু করণীয় পালনের দিক-নির্দেশনা দিয়েছেন।
প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ দিক-নির্দেশনা পালনে রয়েছে অনেক উপকারিতা। আর সবচেয়ে বড় উপকারিতা হলো বান্দা এ সময়টিতে যা চাইবে তা-ই পাবে। একাধিক হাদিসে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ রকম অনেক ঘোষণা দিয়েছেন।
