
চাকরি প্রত্যাশীরা দীর্ঘদিন ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার জোর দাবি জানিয়ে আসলেও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। যদিও বয়স বাড়ানোর বিষয়ে সরকার ইতিবাচক। তবে সরকার দেখেশুনে এ বিষয়ে পদক্ষেপ নিতে চায়।
এদিকে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক হারুন-অর-রশিদ ও যুগ্ম-আহ্বায়ক সবুজ ভূইয়াসহ ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীতকরণের দাবিতে গত শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে গিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে ৩৫ এর যৌক্তিকতা তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী।পরে ‘আগামী মাস থেকে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা হচ্ছে’ বলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্ধৃত করে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। যদিও পরে ওবায়দুল কাদের এমন বক্তব্য দেয়ার কথা অস্বীকার করেন।এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সরকারি চাকরিতে বয়স বাড়ানোর বিষয়ে নতুন কোনো খবর নেই। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এ সংক্রান্ত ফাইল এখনও মন্ত্রণালয়ে ফেরত আসেনি।তিনি আরও বলেন, সরকার একটু দেখেশুনে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইছে। এর ইম্প্যাক্টগুলো কী হতে পারে, তা হয়তো দেখছে। এ ছাড়া চাকরিতে প্রবেশের বয়স বাড়লে অবসরের বয়স বাড়ানোর বিষয়টিও এসে যায়। তাই চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সঙ্গে অবসরের বয়স বাড়ানোর বিষয়টিও একসঙ্গে নিয়ে আসা হতে পারে।
