
জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) পৃষ্ঠপোষকতায় ১৭ জুন থেকে শুরু হতে যাচ্ছে জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৯ এর আঞ্চলিক পর্ব। এই টুর্নামেন্টের কো-স্পন্সর হিসেবে রয়েছে ওয়ালটন গ্রুপ। এ নিয়ে পঞ্চম বারের মতো এই টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হল ওয়ালটন। আজ শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাকক্ষে টুর্নামেন্টের বিষয়ে বিস্তারিত জানানোর জন্য এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ওয়ালটন গ্রুপকে কো-স্পন্সর হিসেবে ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ,ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), সদস্য অমিত খান শুভ্র, বাফুফের সদস্য ও মহিলা উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণসহ অন্যান্যরা। সংবাদ সম্মেলনে মাহফুজা আক্তার কিরণ বলেন, ১৭ জুন থেকে ছয়টি ভেন্যুতে শুরু হবে জেএফএ কাপের এবারের আসর। যা চলবে ২৮ জুন পর্যন্ত। এরপর জুলাইতে ঢাকায় হবে মূলপর্ব। সংবাদ সম্মেলনে জানানো হয় ১৭ জুন যশোর ভেন্যুতে শুরু হবে এবারের জেএফএ কাপের আঞ্চলিক পর্ব। যা চলবে ১৯ জুন পর্যন্ত। যশোর ভেন্যুতে লড়বে যশোর, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, পটুয়াখালী ও বরগুনা। একই দিন খাগড়াছড়ি ভেন্যুতেও শুরু হবে আঞ্চলিক পর্ব। ২০ জুন পর্যন্ত চলবে এই ভেন্যুর খেলা। যেখানে লড়বে খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষীপুর, রাঙামাটি, সিলেট ও মৌলভীবাজার।
১৮ জুন গোপালগঞ্জ ভেন্যুর খেলা শুরু হবে। চলবে ২০ জুন পর্যন্ত। যেখানে লড়বে গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, মানিকগঞ্জ ও বাগেরহাট। ১৯ থেকে ২২ জুন পর্যন্ত ময়মনসিংহ ভেন্যুর খেলাগুলো অনুষ্ঠিত হবে। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, গাজীপুর, শেরপুর, নেত্রকোণা ও নারায়ণগঞ্জ।
২৫ থেকে ২৭ জুন পর্যন্ত রাজশাহী ভেন্যুর খেলাগুলো অনুষ্ঠিত হবে। যেখানে অংশ নিবে রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, চাপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জ। ২৫ থেকে ২৮ জুন পর্যন্ত রংপুর ভেন্যুর খেলাগুলো অনুষ্ঠিত হবে। যেখানে আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। দলগুলো হল- রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, গাইবান্ধা ও নীলফামারি। আঞ্চলিক পর্বের ছয় ভেন্যুর ছয় চ্যাম্পিয়ন এবং তাদের সঙ্গে সেরা দুই রানার্স-আপসহ মোট ৮টি দল আসবে ঢাকায়। তাদের নিয়ে জুলাইতে ঢাকায় আয়োজিত হবে জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৯’এর মূলপর্ব।
