
আমির হোসেন আমু
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নতুন দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল সৃষ্টি হয়েছিলো। তিনিই এই দলের চেয়ারপারসন। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিবেন সেগুলো বাস্তবয়নের চেষ্টা করবো।
আমির হোসেন আমু বলেন, ১৪ দল যখন সৃষ্টি হয় তখন আমি এর সঙ্গে সম্পৃক্ত ছিলাম। কঠিন অগ্নিঝরা দিনগুলোতে স্বৈরাচার বিরোধী ও খালেদা জিয়া বিরোধী আন্দোলনের সঙ্গে ওতোপ্রতভাবে জড়িত ছিলাম। আজকের সেই পুরনো দিনে আবার নতুন করে সম্পৃক্ত হওয়ার সুযোগ প্রধানমন্ত্রী যে দিয়েছেন তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। ১৪ দল প্রধানমন্ত্রীর নেতৃত্বেই সৃষ্টি হয়েছিল। তিনিই আমাদের ১৪ দলের চেয়ারপারসন। ১৪ দলের মূল নেতা হচ্ছেন তিনি। তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং কর্মসূচিগুলো আমরা বিভিন্ন সময় বাস্তবায়ন করেছি। আন্দোলন, সংগ্রামের জন্য তিনি যে যৌথ কর্মসূচি তিনি দিয়েছিলেন আমরা তার সবগুলো বাস্তবায়ন করেছি।
প্রবীণ এই নেতা বলেন, আমি পরবর্তীতে ১৪ দলের নেতাদের সঙ্গে আলাপ করবো। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিবেন সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো।
