বড় বাজেট আসছে বৃহস্পতিবার

সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের শিরোনামে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যা চলতি অর্থছরের বাজেটের আকারের চেয়ে ৫৮ হাজার ৬১৭ কোটি টাকা বা ১৩ শতাংশ বেশি।
আগামী বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের এ বাজেট উপস্থাপন করবেন তিনি।
নতুন সরকারের অর্থমন্ত্রী হিসেবে শপথ নেয়ার দিনই রাজস্ব আদায়ে রাফ অ্যান্ড টাফ হওয়ার নির্দেশ দিয়ে এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার কাছে আগামী (২০১৯-২০) অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকা রাজস্ব চেয়েছিলেন আ হ ম মুস্তফা কামাল। তার ছয় মাসের মাথায় আগামী অর্থবছরের বাজেট প্রণয়নকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আয় ৩ লাখ কোটি টাকা ধরে আয়-ব্যয়ের হিসাব মেলাতে পারেননি অর্থমন্ত্রী।৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট প্রস্তাব চূড়ান্ত করতে গিয়ে এনবিআরের কাছে আরও ২৫ হাজার ৬০০ কোটি টাকা রাজস্ব চেয়েছেন তিনি। যদিও চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা থেকে ৫০ হাজার কোটি টাকারও বেশি পেছনে পড়ে আছে সংস্থাটি। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে এনবিআর প্রবৃদ্ধি অর্জন করেছে ৭ দশমিক ২৭ শতাংশ। আগামী বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা চলতি অর্থবছরের মূল লক্ষ্যমাত্রার তুলনায় ৯ দশমিক ৯২ শতাংশ ও সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ দশমিক ২৯ শতাংশ বেশি।
নতুন অর্থবছরের বাজেটের আকার চলতি অর্থবছরের মূল বাজেটের ৫৮ হাজার ৬১৭ কোটি টাকা বেশি। চলতি অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অনুযায়ী, রাজস্ব আদায় করতে না পারা ও উন্নয়ন প্রকল্পে পরিকল্পনা অনুযায়ী অর্থ খরচ করতে না পারায় চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকার নির্ধারণ করা হয় ৪ লাখ ৪২ হাজার ৫৪১ কোটি টাকা। বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেটের আকার চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকারের চেয়ে ৮০ হাজার ৬৪৯ কোটি টাকা বেশি। চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে ১২ দশমিক ৬২ শতাংশ ও সংশোধিত বাজেটের আকারের চেয়ে ১৮ দশমিক ২২ শতাংশ বড় বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী।
বড় ব্যয়ের বাজেট করতে গিয়ে ১ লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকা ঘাটতি রাখছেন তিনি, যা ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে ঋণের পাশাপাশি বিদেশি ঋণ ও অনুদান নিয়ে মেটানোর পরিকল্পনা তার।
বড় আকারের বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায়ের ওপর জোর দেয়ার কথা বরবরই বলে আসছেন অর্থমন্ত্রী। ১০ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে নিয়োগ দিয়ে ছয় মাসে নতুন ৮৫ লাখ করদাতা খুঁজে বের করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি।
এ ছাড়া আলোচিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ বাস্তবায়ন হতে যাচ্ছে বাজেট ঘোষণার দিন থেকেই। তাতে নতুন করে বাড়তি ভ্যাট ও শুল্ককর আদায়ের আশা করছেন তিনি। যদিও এই ভ্যাট আইন নিয়ে ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে পণ্যমূল্য বাড়ার আশঙ্কা রয়েছে। আমদানি পর্যায়ে রাজস্ব আয় বাড়াতে দেশের সব বন্দরে স্ক্যানার মেশিন বসানো হবে। এর ফলে আমদানি পর্যায়ে শুল্ক আদায় বাড়ার পাশাপাশি আমদানি-রফতানির আড়ালে অর্থপাচার রোধ হবে বলে মনে করছেন অর্থমন্ত্রী।