বাংলাদেশের সামনে পাহাড়সমান টার্গেট

ইংলিশ ব্যাটসম্যানদের ঝড়ো ব্যাটিংয়ে মাশরাফি-সাকিবদের পাহাড়সম টার্গেট দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ইংলিশদের সংগ্রহ ৩৮৬ রান। জিততে হলে এই পাহাড়সম টার্গেট অতিক্রম করতে হবে টাইগারদের। এটাই বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০১১ সালে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ইংলিশরা তুলেছিল ৩৩৮ রান।
পিচ দেখে টসে জিতে বোলিং নিয়েছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি। কিন্তু ইংল্যান্ড ওপেনারদের দৃঢ়তায় শুরু থেকেই মার খাচ্ছিলেন মাশরাফি-সাকিবরা। ১৫তম ওভারেই দলীয় স্কোরে ১০০ পেরিয়েছে ইংল্যান্ড।
প্রথম পাঁচ ওভারে রানের গতি কম থাকলেও পাওয়ারপ্লের ১০ ওভারে বাজিমাত করেছে ইংল্যান্ডের দুই ওপেনার। সাইফুদ্দিন, সাকিব ও মাশরাফিদের খেলেছেন হাত খুলে। দলীয় ১২৮ রানে মাশরাফির বলে মিরাজের তালুবন্দী হয়ে ফেরেন বেয়ারস্টো। সাজঘরে ফেরার আগে ৫০ বলে ৬ চারে বেয়ারস্টোর রান ৫১।
এরপর ৭৭ রানের জুটি গড়েন জো রুট এবং জেসন রয়। ২০৫ রানের মাথায় বিদায় নেন রুট। ইনিংসের ৩২তম ওভারে সাইফউদ্দিন বোল্ড করেন জো রুটকে। বিদায়ের আগে ২৯ বলে রুট করেন ২১ রান। পরের বলেই জস বাটলারের বিপক্ষে এলবির আবেদন, আম্পায়ার সেই আবেদনে সাড়া দেননি। বাংলাদেশ রিভিউ নিয়েও তাকে ফেরাতে পারেনি।
২৩৫ রানের মাথায় মিরাজ ফেরান সেঞ্চুরিয়ান জেসন রয়কে। ইংলিশ এই ওপেনার মাশরাফির হাতে ধরা পড়ার আগ ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন। সাজঘরের পথ ধরার আগে টাইগার বোলারদের ভুগিয়ে ১২১ বলে ১৪টি চার আর ৫টি ছক্কায় করেন ১৫৩ রান। আউট হওয়ার ঠিক আগের তিন বলে পর পর মিরাজকে তিনটি ছক্কা হাঁকান।৪৬তম ওভারে ও ইংলিশদের দলীয় ৩৩০ রানের মাথায় জস বাটলারকে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। বাউন্ডারি লাইনে দারুণ এক ক্যাচ ধরে বাটলারকে প্যাভিলিয়নমূখী করান সৌম্য সরকার। ৪৪ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৬৪ করেন ভয়ঙ্কর বাটলার।
নিজের শেষ ওভারে মরগানকে ফিরিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ। ছক্কা হাঁকানোর চেষ্টায় লং অনে ক্যাচ দেন মর্গ্যান। কিছুটা দৌড়ে এসে ঝাঁপিয়ে চমৎকার ক্যাচ মুঠোয় নেন সৌম্য সরকার। ৩৩ বলে এক চার ও দুই ছক্কায় ৩৫ রান করে ফিরেন ইংল্যান্ড অধিনায়ক।
৪৮তম ওভারে মোস্তাফিজের বলে মারতে গিয়ে মাশরাফির তালুবন্দী হন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ফেরার আগে ৭ বলে ৬ রান করেন তিনি। শেষের ৩ ওভারে আরো ৪৫ রান যোগ করেন প্লাংকেট-ওকস জুটি। নির্ধারিত ৫০ ওভারে ইংলিশদের সংগ্রহ ৩৮৬ রান। যা বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
আগের দুই ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। এদিকে, মঈন আলির জায়গায় ইংলিশরা নিয়েছে লিয়াম প্লাংকেটকে। সুখবর পেতে যাচ্ছেন মঈন আলি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকায় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে এই ম্যাচে। স্বাগতিকদের বিপক্ষে আজ জয় পেলেই টানা তিন বিশ্বকাপে ইংলিশদের হারানোর বিরল এক রেকর্ডে নাম লেখাবে টাইগাররা।দুর্দান্তভাবে বিশ্বকাপযাত্রা শুরু করে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে টাইগাররা। তবে পরের ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করে হেরে যায়। ফলে ২ খেলায় ২ পয়েন্ট নিয়ে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে তারা।
২ খেলায় ২ পয়েন্ট ইংলিশদেরও। বাংলাদেশের মতো দুর্দান্ত জয় নিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে তারাও। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের ব্যবধানে হারিয়ে শুভসূচনা করে স্বাগতিকরা। কিন্তু পরের ম্যাচে পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয় তারা। শ্বাসরূদ্ধকর ম্যাচে ১৪ রানে হারে ইংল্যান্ড।