হাজার মাসের চেয়েও উত্তম শবে কদর

আজ আমাদের দেশে পবিত্র রমাজনের ২৬ রোজা পালিত হলো। আজকের রাতটি (দিন পরবর্তী) ২৭ রমজানের রাত।এ রাতটি ‘লাইলাতুল কদর’ বা ‘শবে কদর’ হিসেবে পরিচিত। তাই এ রাতকে বিশ্বের মুসলমানরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও উত্তম বলে ঘোষণা দিয়েছেন।
‘কদর’ শব্দের অর্থ পরিমাণ নির্ধারণ ও হুকুম। যেহেতু এ রাতে সৃষ্টিকুলের ভাগ্যলিপিতে নির্ধারিত অংশের যেটুকু এ রমজান থেকে পরবর্তী রমজান পর্যন্ত বাস্তবায়নযোগ্য, তা ব্যবস্থাপনার দায়িত্বে আদিষ্ট ফেরেশতাদের কাছে স্থানান্তর করা হয়। তাই এ রাতের নামকরণ করা হয় ‘লাইলাতুল কদর’। এছাড়াও ‘লাইলাতুল কদর’ এর ব্যাপারে তাফসিরবিদরা বেশ কয়েকটি ব্যাখ্যা উল্লেখ করেছেন।
কদর শব্দের আরেকটি অর্থ হলো—সম্মান ও মাহাত্ম্য। আবু বকর ওয়াররাক (রহ.) বলেন, এই রাতের নাম ‘কদরের রাত’ এ জন্য বলা হয়েছে যে, এ সৌভাগ্যমণ্ডিত রাতে মাহাত্ম্যপূর্ণ কিতাব আল কোরআন মর্যাদাশীল ফেরেশতা জিবরাঈল (আ.) সর্বশ্রেষ্ঠ মর্যাদার মানুষ মহানবী (সা.)-এর কাছে নিয়ে আসেন।
শবে কদরের ফজিলত
লাইলাতুল কদরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো—এ গৌরবময় রজনীতে মানবজাতির পথপ্রদর্শক ও মুক্তির সনদ ঐশীগ্রন্থ ‘আল কোরআন’ অবতীর্ণ হয়েছে। শবেকদর সম্পর্কে কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। আপনি কি জানেন লাইলাতুল কদর কী? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম।’ (সুরা কদর, আয়াত : ১-৩)