মুহিত ভাই ও আমার বাজেট ঘোষণার লক্ষ্য ও উদ্দেশ্য এক

আসছে বাজেট নিয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন,মুহিত (সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত) ভাই যেভাবে দিয়েছেন আমিও সেইভাবে বাজেট ঘোষণা করবো। হয়তো মুহিত ভাই একভাবে করেছে, আমি অন্যভাবে করবো। তবে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য এক, আমরা একই সরকারের। তিনি যেখানে রেখে গেছেন, সেখান থেকেই শুরু করবো।
সোমবার (২৭ মে) শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মুস্তফা কামাল বলেন, আমি ও মুহিত ভাই একই সরকারের, ফলে বাজেট ঘোষণার লক্ষ্য ও উদ্দেশ্যও এক। আমাদের সামনে যাওয়ার অনেক সুযোগ আছে। সামনে যাওয়ার ধাপও অনেক বড়। বর্তমান সরকার বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে। সুতরাং বাজেটের আকারও বড় হবে।