
দীর্ঘদিন ক্ষমতায় থাকায় আওয়ামী লীগে কিছু ভেজাল প্রবেশ করেছে। তাই আগামীতে সারাদেশে সম্মেলন করে ভেজাল মুক্ত করার ঘোষণা দিয়েছেন দলটির সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘নিরাপদ খাদ্য ও আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভেজাল ও মাদকবিরোধী আন্দোলন এ সেমিনারের আয়োজন করে।
মোহাম্মদ নাসিম বলেন, খাদ্যে ভেজালকারীরা সমাজের সবচেয়ে বড় সন্ত্রাসী। এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড হওয়া উচিত।
তিনি বলেন, ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে খাদ্যে ভেজাল দেয়ার মাধ্যমে অগনিত মানুষকে হত্যা করছে। সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য এই সকল ঘাতকদের বিরুদ্ধে সামজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বিএনপির উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, জনবিরোধী আন্দোলন না করে, খাদ্যে ভেজাল ও মাদক নির্মূলে আন্দোলন করুন। আমরা আপনাদের ধণ্যবাদ জানাবো। আপনাদের সহযোগীতা করবো।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য আরো বলেন, খাদ্যের মতো রাজনীতিতেও ভেজাল ঢুকে পড়েছে। এসব ভেজালমুক্ত করতে হবে। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় তাই এখানেও কিছু ভেজাল প্রবেশ করেছে। আগামীতে সারাদেশের জেলা উপজেলায় যে সম্মেলন হবে, সেই সম্মেলনে আওয়ামী লীগকে ভেজাল মুক্ত করা হবে।
