টিকিট বিক্রির শেষ দিনেও উপচেপড়া ভিড়

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনেও (রোববার) কমলাপুর রেলস্টেশনে টিকিটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। গতরাত থেকে অপেক্ষমাণ টিকিটপ্রত্যাশীদের পদচারণায় স্টেশনে যেন তিল ধারণের ঠাঁই নেই।
বিক্রি হচ্ছে আগামী ৪ জুনের টিকিট। টিকিটের জন্য ২০-২২ ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে। আসনের তুলনায় চাহিদা বেশি বলে বহু চেষ্টার পরও টিকিট পাচ্ছেন না অনেকেই। হাজার হাজার মানুষের এ লাইন কাউন্টারের সামনে থেকে শুরু করে সড়কের কাছাকাছি চলে গেছে।তবে শেষ সুযোগ একটি থাকছে। ২২-২৬ মে পর্যন্ত অনলাইন ও কাউন্টারে বিক্রি না হওয়া টিকিট ২৮ মে (মঙ্গলবার) থেকে ক্রমান্বয়ে পুনরায় অ্যাপ ও কাউন্টার থেকে বিক্রি হবে। আর ঈদযাত্রা শুরু হবে ৩১ মে থেকে।