রেলস্টেশনে ভোগান্তি , অ্যাপে মিলছে না টিকিট

ঈদ উপলক্ষে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে চট্টগ্রাম ও নোয়াখালীর আগামী ২ জুনের টিকিট বিক্রি হচ্ছে। শুক্রবার বিমানবন্দর থেকে টিকিট কিনতে সেহরি খাওয়ার পর অনেকে স্টেশনের উদ্দেশে রওনা দেন। ভোরে এসে লাইনে দাঁড়ান তারা। সকাল ৯টা থেকে শুরু হয় টিকিট বিক্রি।
টিকিট কিনতে আসা একাংশের অভিযোগ,বাংলাদেশ রেলওয়ের চালু করা অ্যাপের মাধ্যমে টিকিট কেনা যাচ্ছে না। তাই তাদেরকে টিকিট কিনতে ভোরে এসে লাইনে দাঁড়াতে হয়েছে। কিন্তু লাইনে দাঁড়িয়েও ভোগান্তিতে পড়ছেন তারা। এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে দীর্ঘক্ষণ। লাইন এগোচ্ছে না ঠিকঠাক।
টিকিট বিক্রি কেন্দ্র ঘুরে দেখা যায়,ভোরে আসা টিকিট ক্রেতাদের কেউ কেউ পত্রিকা বিছিয়ে মেঝেতেই ঝিমুচ্ছেন। কেউ আবার সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে হুটহাট লাইনের পাশেই মেঝেতে বসে যাচ্ছেন।
বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট কাটার চেষ্টা করছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সালাউদ্দিন। তিনি বলেন,ওয়েবসাইট থেকে টিকিট কাটার চেষ্টা করছি। সিকিউরিটি কোড পর্যন্ত যেতে গেলে কনফার্ম ফরম রিসাবমিশন দেখায়। আর কাজ করে না।
বিমানবন্দর স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন,আজকে যাত্রীদের যে ভিড় দেখা যাচ্ছে,সেটা স্বাভাবিক ভিড়ের মতোই।
যাত্রীরা অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে পারছে না,এ বিষয়ে তিনি বলেন,অ্যাপের হিসাব আমাদের কাছে না।আমাদের জন্য যে টিকিট বরাদ্দ আছে,সব যাত্রীদের দেয়া হচ্ছে।
যাত্রীরা এক জায়গাতেই অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। ধীরগতিতে টিকিট বিক্রি হচ্ছে- এমন অভিযোগের বিষয়ে কর্তব্যরত স্টেশন মাস্টার বলেন, টিকিট বিক্রির সময় যাত্রীদের রেজিস্ট্রেশন করানো হচ্ছে। যাদের রেজিস্ট্রেশন করা আছে, তাদের রেজিস্ট্রেশন করতে হচ্ছে না। রেজিস্ট্রেশন করার সময় মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ যাত্রীর বেশকিছু তথ্য লাগছে। এসব কারণে সময় একটু বেশি লাগছে।