ঈদে ফেসবুক বিশেষ নজরদারিতে থাকবে

ঈদুল ফিতরকে কেন্দ্র করে নিরাপত্তার চাঁদরে ঢাকবে সারাদেশ। আগের বছরগুলোর মতো এবারও রাজধানীসহ সারাদেশের মসজিদ, গুরুত্বপূর্ণ এলাকা, স্থাপনায় থাকবে পুলিশি নজরদারি, চেকপোস্ট। তবে আগের বছরের তুলনায় এবার নিরাপত্তা নিয়ে কিছুটা ভাবাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও জঙ্গিবাদ। তাই এবার এই দুই ইস্যু নিয়ে বিশেষভাবে সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও ঈদের আগে, ঈদের দিন ও ঈদের পরের দিনগুলোতে রাজধানীর নিরাপত্তা জোরদার করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) পুলিশের সব ইউনিট নিজেদের মতো সভা করে কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে।
এবার রমজান ও ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করছে পুলিশ।
ঈদে রাজধানীর নিরাপত্তার বিষয়ে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো.সোহেল রানা বলেন, ঈদ পূর্ববর্তী, ঈদের সময় ও ঈদ পরবর্তী সময়ে রাজধানীসহ দেশবাসীর জন্য বাড়তি নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে পুলিশ। ঈদের ছুটিতে অনেকে গ্রামে চলে যাবেন। এ কারণে রাজধানীতে অনেক বাসা-বাড়ি ফাঁকা থাকবে। এ সময় প্রতিটি থানা এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হবে। পাড়া- মহল্লার প্রতিটি সড়কেই পুলিশের টহল বাড়ানো হবে। এ ছুটির দিনগুলোতে অপরাধীরা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে ব্যাপারে সজাগ আছে পুলিশ।
এদিকে সড়কের নিরাপত্তার পাশাপাশি রাজধানীর প্রায় সব থানার নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। রাজধানীর প্রতিটি থানার ডিউটি অফিসারের কক্ষে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। গেটে পরিচয় জেনে ভেতরে ঢুকানোর চিত্র দেখা গেছে।