
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে ঝড়ে হতাহতের দুর্ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ইসলামিক ফাউন্ডেশন।আগামী মঙ্গলবারের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
সাত সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম। মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদারকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন- বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ডা. এ বি এম জাহাঙ্গীর আলম, দ্বিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক আনিছুর রহমান সরকার, মসজিদ ও মার্কেট বিভাগের উপপরিচালক মো. রফিকুল ইসলাম ও উপসহকারী প্রকৌশলী ফজলুল করিম।বায়তুল মোকাররমের উত্তর গেটের দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়িয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আহতদের দেখতে যান তিনি। এ সময় তিনি মেডিক্যালে চিকিৎসাধীন গুরুতর আহত বরিশালের আফজাল হোসেনকে আইসিইউতে সুচিকিৎসার ব্যবস্থা করেন। প্রতিমন্ত্রী প্রায় দুই ঘণ্টা ঢাকা মেডিক্যালে আহতদের পাশে অবস্থান করেন।
এর আগে শুক্রবার দুর্ঘটনার পরপরই রাতে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান ধর্মসচিব মো. আনিছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম।
এ সময় তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং সুচিকিৎসা নিশ্চিত করেন।
এ ঘটনায় আহত হন মোট ২২ জন। এর মধ্যে রফিউজ্জামান (২৪), মনিরুল ইসলাম (৩০), আবদুল কুদ্দুস (৩৪), জানে আলম (২২), সাদিকুর রহমান (২৭), তারেক রহমান (৩৫), মাসুদ (২৬), জহিরুল ইসলাম (২৮), সজীব (২৫), আউয়াল (২৮) ও আমিন উল্লাহ (২৬) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে যান। ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন আছেন আফজাল হোসেন (৬৮), বিপ্লব (২৪) ও হৃদয় (১৮)। আহতদের চিকিৎসা খরচ বহন করা হবে।
