
ধানের দাম কম ও দিনমজুর না পাওয়ায় ফসল না কেটে ক্ষেতে আগুন লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন এক কৃষক। রোববার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক আব্দুল মালেক সিকদার তার ক্ষেতের পাকা ধানে আগুন ধরিয়ে দিয়ে প্রতিবাদ করেন।
টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদরসহ ১২টি উপজেলায় এবার বোরো ধানের আবাদ হয়েছে ১ লাখ ৭১ হাজার ৭০২ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় এ বছর বাম্পার ফলন হয়েছে। এ পর্যন্ত জেলায় প্রায় ৩০ শতাংশ জমির ধান কাটা হয়েছে। বাকি ৭০ শতাংশ কিন্তু ধান পেকে গেলেও মজুরের অভাবে ঘরে তুলতে পারছে না।
দিন প্রতি একজন দিনমজুরকে দিতে হয় ৯০০ থেকে ১ হাজার টাকা। আর বর্তমান বাজারে ধানের মূল্য প্রতি মণ ৫০০ টাকা। এতে প্রায় দুই মণ ধান বিক্রি করে কৃষক একজন দিনমজুরকে মজুরি দিতে হচ্ছে। ফলে জমিতে পাকা ধান জমিতে পড়েই নষ্ট হচ্ছে।
কৃষক আব্দুল মালেক সিকদার বলেন, সরকার মণ প্রতি ধান কিনতে ৫০০ টাকা নির্ধারণ করেছে। ধান কাটতে দিনমজুরকে দিতে হচ্ছে প্রায় এক হাজার টাকা। এরপরও ধান ঘরে তুলতে আরো খরচ। তাই এক দাগের ৫৬ শতাংশ ধানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, এই সময়ে ধানের বাজার কিছুটা কম থাকলেও কৃষক যদি ধান সংরক্ষণ করে রাখে, তবে কদিন পরেই বেশি দাম পাবে।নানা কারণে কিছুটা শ্রমিক সংকট থাকলেও তা তীব্র নয় বলে দাবি করেন এই কর্মকর্তা।
