
নিজের রাজনীতির জীবনের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,আমি সুস্থ নই।তারপর আমার মাঝে মাঝে মনে হয়,আমাদের সময় তো শেষ হয়ে আসছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার আয়োজিত এক আলোকচিত্র প্রর্দশনী ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন,বিএনপি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালনের ৩ যুগ্ম পূর্তি উপলক্ষে এ আলোকচিত্র প্রর্দশনী অনুষ্ঠিত হয়।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,আমি সুস্থ নই। তারপর আমার মাঝে মাঝে মনে হয়, আমাদের সময় তো শেষ হয়ে আসছে। এখন যারা সামনে আসবেন। এই বাংলাদেশের শুধু রাজনীতি নয়, এই বাংলাদেশকে বাঁচাতে তাদেরকে কাজ করতে হবে। বাংলাদেশে অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। বাংলাদেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকবে কি থাকবে না, বাংলাদেশ নিজস্ব মর্যাদায় দাঁড়িয়ে থাকতে পারে কি পারবে না এবং বাংলাদেশ নিজের পায়ের ওপরে দাঁড়িয়ে থাকতে পারবে কি পারবে না- আজকে সেই প্রশ্ন এসে দাঁড়িয়েছে। কারণ অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, ‘তরুণ ও যুবকদের প্রতি আমার অনুরোধ, আপনারা বেগম জিয়া ও শহীদ জিয়ার যে আর্দশ, চিন্তা এবং রাজনীতির ধারা- তা ছড়িয়ে দেন। আমাদের তো বয়স হয়ে গেছে। এখানে যারা আছি, আমরা দীর্ঘকাল ধরে কাজ করছি। তাই আমাদের বয়স হয়েছে এবং আমরা বৃদ্ধ হয়েছি। আর এখন আপনাদের সময়। আপনারা এগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।’
