দেশের উন্নয়ন ও সমৃদ্ধির যে সোপান তৈরি হয়েছে তার প্রেরণাদাতা ড.ওয়াজেদ মিয়া

বর্তমান সময়ে দেশের যে উন্নয়ন ও সমৃদ্ধির যে সোপান তৈরি হয়েছে তার প্রেরণাদাতা ছিলেন ড.ওয়াজেদ মিয়া। একজন প্রধানমন্ত্রীর স্বামী হয়েও ড.ওয়াজেদ মিয়া সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেন।
বৃহস্পতিবার (০৯ মে) রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
পরমাণু বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড.ওয়াজেদ মিয়ার দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এই আলোচনা সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন,ড.ওয়াজেদ মিয়া শ্রেষ্ঠতম বিজ্ঞানী হওয়া সত্ত্বেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীন সত্ত্বা এবং এ দেশটি অর্জনের ক্ষেত্রে তার অবদান ছিল অসাধারণ ও অপরিসীম। বঙ্গবন্ধুর জামাতা হিসেবে বস্তুতপক্ষে যে পরিমাণ বা যেভাবে বিভিন্ন জায়গায় তার উপস্থিতি থাকা প্রয়োজন ছিল তা তিনি সচেতনভাবে এড়িয়ে গেছেন।আমাদের নতুন প্রজন্ম থেকে ড. ওয়াজেদ মিয়াকে অনুসরণ করার মতো আমরা অনেক সন্তান পাবো, যারা বিজ্ঞান চর্চা করবে, পৃথিবীর ডিজিটাল রুপান্তরে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী পলক বলেন, তিনি (ওয়াজেদ মিয়া) বিজ্ঞানের যুক্তি দিয়েই সবকিছু বিবেচনা করতেন। সেই বিজ্ঞানমনষ্কতা তার জীবনের প্রত্যেকটি কর্মে প্রতিফলিত হয়েছে। তিনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে চিন্তা-ভাবনা করতেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে তার স্বপ্ন ছিল। তার সে স্বপ্ন নিয়েই বর্তমানে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলছে।