
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠির ব্রাদার্স ক্লাবে মাদক বিক্রি ও জুয়ার আসরে বাধা দেয়ায় মাহবুবুল আলম শিমুল নামে একজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শিমুলের খাদ্যনালী ও ফুসফুস আঘাত লাগায় আশংকাজনক অবস্থায় তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিমুল ক্ষুদ্রকাঠি এলাকার মৃত মো. মাহফুজুর রহমানের ছেলে এবং মুলাদী উপজেলার চরকালেখান আদর্শ কলেজে লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত।
শিমুলের ছোট ভাই সাদিকুর রহমান শাওন জানান, তার বড় ভাই শিমুল ব্রাদার্স ক্লাবের সদস্য। কলেজ থেকে ফিরে সন্ধ্যার পর ক্লাবে সময় কাটাতেন। মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত কবির খান, রাজন সিকদার ও স্বপন সিকদার ব্রাদার্স ক্লাবে জুয়ার আসর ও মাদক বিক্রি করতে চান। এতে বাদ সাধেন শিমুল। এমনকি পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দেন। এ নিয়ে গত বৃহস্পতিবার মাদক বিক্রি করতে চাওয়া ব্যক্তিদের সাথে শিমুলের বাকবিতণ্ডা হয়। এ সময় কবির, রাজন ও স্বপন হুমকি দেন শিমুলকে।
এরই জের ধরে রোববার রাতে বাবুগঞ্জের ব্রিজ এলাকায় শিমুলকে একা পেয়ে কবির, রাজন ও স্বপনসহ ৬/৭ সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতে শিমুলের খাদ্যনালী কেটে গেছে। এমনকি ফুসফুসেও আঘাত লেগেছে। এছাড়া শরীরের বিভিন্নস্থানেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রোগীর অবস্থা খুবই খারাপ।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি এসএম মাহবুব উল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতের স্বজনদের সঙ্গে পুলিশ কথা বলেছে। মামলার প্রক্রিয়া ও হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
