সুন্দরবন ছাড়ছেন পর্যটকরা

প্রবল বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ফণীর ক্ষয়ক্ষতি মোকাবেলা ও নিরাপত্তার কারণে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর বন বিভাগের অফিস বন্ধ করে সব কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে আনা হয়েছে। করমজল ও হারবাড়ীয়া পর্যটন কেন্দ্র ছেড়েছেন পর্যটকরা।
সুন্দরবন সন্নিহিত বাগেরহাটের শরণখোলা ও মোংলা উপজেলায় বৃহস্পতিবার দিনভর মাইকিং করে সতর্ক বার্তা প্রচার করেছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।বিকেলে শরণখোলায় খুলে দেয়া হয়েছে ৮৬টি সাইক্লোন শেল্টার।
সুন্দরবনপূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো.মাহমুদুল হাসান জানান,সুন্দরবন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে তাদের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ নিরাপদে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।সুন্দরবনের করমজল ও হারবাড়ীয়া পর্যটন কেন্দ্রের পর্যটকদেরও সরিয়ে নেয়া হয়েছে।
বাগেরহাট উপকূলে বৃহস্পতিবার বিকেল থেকে মাঝে-মাঝে ঝড়ো হাওয়া বইছে।আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে।৭ নম্বর বিপদ সংকেত জারির পর থেকে সাধারণ মানুষের মধ্যে ঘূর্ণিঝড় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এদিকে প্রবল ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় বাগেরহাট জেলা প্রশাসন বৃহস্পতিবার বিকেলে আবারো সভা করেছে।জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে জানানো হয়,বাগেরহাট জেলার ২৩৪টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।জেলা সদরসহ ৯টি উপজেলার প্রতিটিতে একটি করে কন্টোল রুম খোলা হয়েছে।প্রস্তুত রাখা হয়েছে ৮৬টি মেডিকেল টিম।জেলার সরকারি কর্মকতা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও বেসরকারি উন্নয়ন সংস্থার কয়েক হাজার উদ্ধার কর্মীকে প্রস্তুত রাখা হয়েছে।মজুত করা হয়েছে শুকনা খাবার ও সুপেয় পানি।