
৩ মে ফাইনাল রেখে তৈরি করা হয়েছিল প্রথম বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের ফিকশ্চার।পরে ফাইনাল একদিন পিছিয়ে ৪মে করা হয়েছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অতিথি হিসেবে পাওয়ার জন্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারী সফরে যুক্তরাজ্য যাওয়ার কারণে পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে বাফুফেকে।ফাইনাল হচ্ছে সেই পূর্ব নির্ধারিত ৩ মে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ লাওস।এই টুর্নামেন্টে সবচেয়ে ভালো ফুটবল খেলেছে লাওস।
বৃহস্পতিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে দুই দলের কোচ ও অধিনায়কই চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদের কথা শুনিয়েছেন। দুই দলের কোচই বলেছেন, ফাইনালে দুর্দান্ত লড়াই হবে। লাওসের কোচ ভংমিসে সোবোখাম দুই দলের সম্ভাবনা দেখছেন ফিফটি ফিফটি। আর বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন নিজ দলকেই এগিয়ে রাখছেন ফেবারিট হিসেবে।
