
বৃহস্পতিবার (০২) বিসিবি’র পক্ষ থেকে নতুন জার্সির চূড়ান্ত নকশা প্রকাশ করা হয়েছে। প্রথম দফা পরিবর্তনে জার্সির হাতায় লাল রং ছিল। শেষ তথা চূড়ান্ত নকশায় জার্সির বুকে থাকছে লাল রং।
এর আগে আইসিসি’র অনুমোদনের জন্য সবুজ রঙের জার্সিতে দেশের নাম, খেলোয়াড়ের নাম এবং জার্সি নম্বর লাল রঙে লিখে পাঠিয়েছিল বিসিবি। কিন্তু আইসিসি সবুজ রঙের জার্সিতে দেশের নাম, খেলোয়াড়ের নাম এবং জার্সি নম্বর সাদা রঙে লিখতে বলেছে। এরপর সবুজ জার্সিতে লাল রং বদলে সাদা রং ব্যবহার করা হয়েছে।
সোমবার উন্মোচন করা হয় ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি। কিন্তু এই জার্সি নিয়ে হতাশা প্রকাশ করেন টাইগার সমর্থকদের বড় একটা অংশ। সামাজিক যোগাযোগের মাধ্যমেও শুরু হয় তীব্র সমালোচনা।
অবশেষে একদিন পরই বাংলাদেশের বিশ্বকাপ জার্সি পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার তাতেও পরিবর্তন আনা হয়েছে।
