ঘূর্ণিঝড় ফণী:উপকূলীয় ১৯ জেলায় প্রস্তুতি

ঘূর্ণিঝড় ফণী আগামী শনিবার সকালে দেশের উপকূলে আঘাত হানতে পারে। ফণীর আশঙ্কায় উপকূলীয় এলাকায় তাই নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বুধবার জানিয়েছেন, মন্ত্রণালয় ১৯টি উপকূলীয় জেলায় নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। ৫৬ হাজার স্বেচ্ছাসেবীকে সেখানে প্রস্তুত রাখা হয়েছে।
দুর্যোগ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আবার সভা হবে। ফণীর এগোনোর গতিবেগ দেখে ইতিমধ্যেই মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত, চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর ও কক্সবাজারকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা লোকজন তাদের প্রাণিসম্পদসহ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে চলে আসবেন।
এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটিও বাতিল করে স্ব-স্ব কর্মস্থলে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।