
পবিত্র রমজান উপলক্ষে রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহর ও চিনিকলের গেটে ভ্রাম্যমাণ ট্রাকে চিনি বিক্রি শুরু করেছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন।ট্রাক সেলে প্রতি কেজি প্যাকেটজাত চিনি ৬৫ এবং মিল গেটে খোলা চিনি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ঢাকার ১৬টি স্থান থেকে এ চিনি কিনতে পারবে সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (২ মে) রাজধানীর দিলকুশায় চিনি শিল্প ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্প সচিব মো.আবদুল হালিম এবং কর্পোরেশনের চেয়ারম্যান আ শ ম ইমদাদুদ দস্তগীর উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, রমজানে দেশের কোথাও চিনির ঘাটতি হবে না। চিনির পর্যাপ্ত মজুত রয়েছে। এরপরও রমজানে সবার কাছে যাতে পৌঁছে দেয়া যায় সেজন্য ট্রাকের মাধ্যমে চিনি বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে।রমজানে চিনির সম্ভাব্য চাহিদা প্রায় তিন লাখ টন। বর্তমানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কাছে এক লাখ ৪৬ হাজার টনের বেশি চিনি মজুত আছে। এছাড়া চলতি (২০১৮-১৯) অর্থবছর বেসরকারি পর্যায়ে ১৭ লাখ ছয় হাজার ৬৭৯ টন ‘র’ সুগার আমদানি করা হয়েছে।
