
৩৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল মঙ্গলবার প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ উপলক্ষ্যে আজ বিকেল সাড়ে ৩টায় কমিশন সভা আহবান করা হয়েছে। সভা শেষে চূড়ান্ত ফলাফল সাংবিধানিক প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গেছে।
চিকিৎসকদের জন্য ৩৯তম বিশেষ এই বিসিএস পরীক্ষা নেওয়া হয়। এর মাধ্যমে সাড়ে ৪ হাজারের বেশি চিকিৎসক নিয়োগ দেওয়া কথা রয়েছে। চলতি মাসের মধ্যে ফলাফল প্রকাশের পরিকল্পনার কথা জানানো হয়েছিল। অতিরিক্ত আড়াই হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশের জন্য চূড়ান্ত ফলাফল প্রকাশে একটু দেরিও হয়েছে।
জানা গেছে,এই বিসিএসে পদের সংখ্যা বাড়ছে না। পিএসসির পরিকল্পনা অনুযায়ী চলতি মাসেই ফল প্রকাশিত হচ্ছে।
গত বছরের ৬ সেপ্টেম্বর ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর গত ৭ মার্চ এই বিসিএসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে। এই বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষাতে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১৩ জন প্রার্থী পাশ করেছেন। পাশ করা প্রার্থীরা চূড়ান্ত নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা দিয়েছেন।
