
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উন্নত চিকিৎসার জন্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন এই শিল্পীকে আগামীকাল সোমবার (২৯ এপ্রিল) এয়ার এম্বুলেন্সযোগে সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
এর আগে, গত রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সিলেট থেকে ঢাকা ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলে রাত ৮টার দিকে তাকে রাজধানীর সিএমএইচে নেওয়া হয়।পরে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয় গুণী এই শিল্পীকে।
চিকিৎসকরা জানিয়েছেন, সুবীর নন্দীর শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। তার মস্তিষ্কের অবস্থা ভালো না। ফুসফুসের প্রদাহ নিয়ে এখনো ঝুঁকি রয়েই গেছে।
জানা যায়, ৬৬ বছর বয়সী সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন। নিয়মিত তার ডায়ালাইসিস করতে হচ্ছিল।
প্রসঙ্গত, দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে সুবীর নন্দী গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। ১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে বাজারে আসে।
তবে চলচ্চিত্রে তিনি প্রথম গান করেন ১৯৭৬ সালে আব্দুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে। ১৯৫৩ সালের ১৯ নভেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নন্দীপাড়ায় সুবীর নন্দীর জন্ম।
