প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও আর্মি গলফ ক্লাবের ব্যবস্থাপনায় বুধবার থেকে শুরু হয়েছে চতুর্থ ওয়ালটন প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০১৯।
আজ শনিবার সকালে হয় আনুষ্ঠানিক উদ্বোধন। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল এসএম শাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও মিডিয়া পার্টনার এটিএন বাংলার উপদেষ্টা (মানব সম্পদ) কর্নেল (অবঃ) মীর মোতাহার হাসান।
সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে এটিএন বাংলা। এরপর সাড়ে ৯টা থেকে টি-অফ ও খেলা সরাসরি সম্প্রচার করে চ্যানেলটি।
আজ শনিবার সন্ধ্যায় গলফ গার্ডেনে বিদেশি কুটনীতিকবৃন্দ, উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ ও ব্যবসায়ীদের উপস্থিতিতে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সেখানেও প্রধান অতিথি হিসেবে থাকবেন মজর জেনারেল এসএম শাফিউদ্দিন আহমেদ।
অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত এবারের এই টুর্নামেন্ট পাঁচটি ক্যাটাগোরিতে অনুষ্ঠিত হচ্ছে। ক্যাটাগোরিগুলো হল- লেডিস, জুনিয়র, ভ্যাটারান, রেগুলার ও সিনিয়র। টুর্নামেন্টে সাত শতাধিক খেলোয়াড় অংশ নিয়েছে। যার মধ্যে বিদেশিরাও রয়েছেন। অ্যামেচার গলফে আর্থিক পুরস্কার না থাকলেও ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার ও ট্রফি রয়েছে।
যদিও এই প্রতিযোগিতা ১১ এপ্রিল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু টানা কয়েকদিনের বৃষ্টিপাতে গলফ কোর্সে পানি জমে যাওয়ায় সেটা সম্ভব হয়নি।