রাজধানীতে গণসমাবেশ কর্মসূচি ঘোষণা ঐক্যফ্রন্টের

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাসহ শিশু নির্যাতন বন্ধের দাবিতে আগামী ৩০ এপ্রিল শাহাবাগে গণসমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। বুধবার রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এক সংবাদ সম্মেলনে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব এ কর্মসূচি ঘোষণা দেন। এরআগে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সোয়া ১ ঘন্টাব্যাপী এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
আবদুর রব বলেন,আগামী ৩০ এপ্রিল বিকেল ৪ টায় ঢাকার শাহবাগে নুসরাত হত্যাসহ নারী শিশু নির্যাতন বন্ধের দাবিতে গণসমাবেশ এবং রমজানে নুসরাত হত্যাসহ নারী ও শিশু নির্যাতন বন্ধ, বেগম জিয়াসহ রাজবন্দীদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা একটি সুধী সমাবেশ ও ইফতার মাহফিল করবো। আর ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে, তার গ্যারান্টি দিতে হবে।এছাড়া নোয়াখালী ও রাজশাহীসহ বিভিন্ন বিভাগীয় শহরে আমরা গণশুনানীর জন্য যাবো। গণশুনানীর তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।
তিনি জানান,জাতীয় ঐক্যফ্রন্ট টিকে আছে, ঐক্যফ্রন্ট ছিল এবং ঐক্যফ্রন্ট থাকবে।শ্রীলঙ্কায় সন্ত্রাসী বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, হামলায় আমাদের বাংলাদেশের জায়ান মারা গেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আর তার বাবা আহত হয়ে হাসপাতালে আছেন, আমরা তার আশুরোগ মুক্তি কামনা করছি।