
খালেদা জিয়ার মুক্তির বিনিময়ে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন এমন কোনো শর্ত নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক চিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি বলেন, বিএনপির সংসদ সদস্যরা নির্বাচনে গিয়েছেন, নির্বাচিত হয়েছেন। তাদের যারা নির্বাচিত করেছেন সংসদে দাঁড়িয়ে তাদের পক্ষে কথা বলার জন্যই নির্বাচিত করেছেন। তাদের জনগণ নির্বাচিত করেছে সংসদে শপথ নেওয়ার জন্যই শপথ নেওয়া তাদের দায়িত্ব ও কর্তব্য। আমি মনে করি তারা দায়িত্ব পালন করবেন। এতে বিএনপিরই মঙ্গল হবে। খালেদা জিয়ার মুক্তির বিনিময়ে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন এমন কোনো শর্ত নেই।
রূপসী বাংলা জাতীয় ফটো প্রদর্শনী, প্রতিযোগিতা ও সম্মান প্রদানের এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও শিল্পকলা একাডেমি।
তথ্যমন্ত্রী বলেন, আদালত কর্তৃক দণ্ডিত হয়ে খালেদা জিয়া জেলে রয়েছেন। তাকে মুক্ত করার একমাত্র পথ আদালত। যদি আদালত তাকে জামিন দেয় তাহলে তিনি মুক্তি পেতে পারেন। আর প্যারোলের বিষয়টি যিনি বন্দি তিনি যদি চান তবে সরকারের সেটি বিবেচনার সুযোগ থাকে।
