আগামীকাল ভারতে দ্বিতীয় দফায় ৯৬ কেন্দ্রে ভোট

ভারতে ১৭তম লোকসভা নির্বাচন শুরু হয়েছে গত ১১ এপ্রিল থেকে। বৃহস্পতিবার প্রথম দফায় ২০ টি রাজ্যের ৯১ টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে পশ্চিমবঙ্গে।
আগামীকাল বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ১২টি রাজ্য এবং একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ মোট ৯৬টি কেন্দ্রে ভোট হবে। এই ভোটের প্রচার শেষ হয়েছে মঙ্গলবার।
দ্বিতীয় দফায় ভোট হবে তামিলনাড়ুর ৩৮টি, কর্ণাটকের ১৪টি, মহারাষ্ট্রের ১০টি, উত্তরপ্রদেশের আটটি এবং আসাম, বিহার এবং উড়িশ্যার পাঁচটি আসনে। এছাড় বৃহস্পতিবার ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গের তিনটি করে এবং জম্মু ও কাশ্মীরের দু’টি আসনে ভোট হবে। একটি করে আসনে ভোট হবে মণিপুর, ত্রিপুরা এবং পুদুচেরিতে। এর পাশাপাশি উড়িষ্যার বিধানসভার ৩৫টি আসনে নির্বাচন হবে আগামীকাল বৃহস্পতিবার।
মঙ্গলবার প্রচারণার শেষ দিনে ব্যাপক প্রচার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সভাপতি অমিত শাহ, কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীসহ কেন্দ্রের হেভিওয়েট মন্ত্রী এবং সব দলের নেতারা। ভুবনেশ্বরে বিরাট রোড শো করেন প্রধানমন্ত্রী মোদি। নির্বাচন কমিশনের নিষেধ থাকায় এদিন অবশ্য প্রচার থেকে দূরে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী, বিএসপি নেত্রী মায়াবতী এবং এসপি নেতা আজম খান।
বৃহস্পতিবারের নির্বাচনে ভাগ্য নির্ধারণ হবে কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওঁরাও, সদানন্দ গৌড়া এবং পোন রাধাকৃষ্ণনের। এছাড়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী দেবেগৌড়া, কংগ্রেস নেতা বীরাপ্পা মইলি এবং রাজ বব্বরের ভাগ্য পরীক্ষা হবে ওইদিন।
পাশাপাশি, ভোট হবে ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ, বিজেপির হেমা মালিনী এবং ডিএমকের দয়ানিধি মারান, এ রাজা এবং কানিমোঝির মতো এভিওয়েট প্রার্থীদের কেন্দ্রে।
উড়িশ্যার বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক গঞ্জাম জেলার হিঞ্জলি এবং বিজাপুর আসন থেকে লড়বেন। বৃহস্পতিবার ভোট হবে ওই দু’টি কেন্দ্রেও।