রাতেই দেশে ফিরছেন ফেরদৌস

বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌস আহমেদের ভিসা বাতিল করে, কালো তালিকাভুক্ত করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। যার প্রেক্ষিতে মঙ্গলবার রাতেই তিনি দেশে ফিরছেন বলে নিশ্চিত করেছেন ফেরদৌস নিজেই। এর আগে, দেশটির লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বাংলাদেশের এই চিত্রনায়ক।
জানা যায়, চলতি সপ্তাহে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূলের প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের নির্বাচনী প্রচারে অংশ নেন ফেরদৌস। এ নিয়ে তীব্র প্রতিবাদ করে বিজেপি। এরপর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না, সে ব্যাপারে প্রতিবেদন চায়। ওই প্রতিবেদনের ভিত্তিতে ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে মঙ্গলবার রাত ৮টার দিকে দেশে ফেরার খবর নিশ্চিত করে কলকাতায় অবস্থানরত ফেরদৌস বলেন, দেশে ফিরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ফেরদৌস আহমেদের ভিসা–সংক্রান্ত আচরণ লঙ্ঘনের প্রতিবেদন পাওয়ার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ভিসা বাতিল করেছে। এ ছাড়া তাকে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।