নুসরাতের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি হবে : তথ্যমন্ত্রী

শুক্রবার চট্টগ্রাম নগরীর নেভী কনভেশন সেন্টারে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল,চট্টগ্রাম অঞ্চলের ২২তম বার্ষিক কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন,মাদ্রাসাছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সুষ্ঠু বিচারের জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রী প্রশাসন ও তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন। আইনি প্রক্রিয়া অনুসরণ করেই হত্যার বিচার নিশ্চিত করা হবে।নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানি এবং হত্যার মতো ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেই ব্যাপারে সবাইকে সচেতন হতে বলেন তথ্যমন্ত্রী।
লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর নাসিরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের আন্তর্জাতিক পরিচালক কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর মনজুর আলম মনজু, রূপম কিশোর বড়ুয়া, ১ম সহ-ডিস্ট্রিক্ট গভর্নর কামরুন মালেক।
লায়ন্স ক্লাবকে মানুষের কল্যাণে আরো এগিয়ে আসার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, লায়ন্স ক্লাব সব সময় মানুষের কল্যাণে কাজ করে আসছে। আগামী দিনে তারা মানবতার কল্যাণে আরো জোরদার কর্মসূচি নিয়ে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।
কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির আন্দোলন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া কোনো রাজবন্দি নন যে তাকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে হবে। তাকে মুক্ত করতে হলে বিএনপিকে আইনি পথে হাঁটতে হবে।