ওয়ালটন প্রেসিডেন্ট গলফ কাপ টুর্নামেন্ট বৃহস্পতিবার শুরু

টুর্নামেন্টটি আগামীকাল বুধবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে একদিন পিছিয়ে শুরু হচ্ছে।প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আজ মঙ্গলবার আর্মি গলফ ক্লাবের ক্লাব হাউজে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস এন্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা লেঃ কর্নেল মো. তাজাম্মেল হক, জেনারেল ম্যানেজার (ক্লাব) মেজর আওলাদ হোসেন ও জেনারেল ম্যানেজার (অপ্স এন্ড স্পোর্টস) মেজর মো. শাহ্জাহান হোসেন (অবঃ)।

সংবাদ সম্মেলনে জানানো হয় অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট পাঁচটি ক্যাটাগোরিতে অনুষ্ঠিত হবে। ক্যাটাগোরিগুলো হল- লেডিস, জুনিয়র, ভ্যাটারান, রেগুলার ও সিনিয়র। টুর্নামেন্টে সাত শতাধিক খেলোয়াড় অংশ নিতে যাচ্ছে। যার মধ্যে বিদেশিরাও রয়েছেন।

সংবাদ সম্মেলনে লেঃ কর্নেল মো. তোজাম্মেল হক বলেন, ‘প্রতি বছর আর্মি গলফ ক্লাব একটি করে প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট আয়োজন করে। এবারও অত্যন্ত জাকজমকপূর্ণভাবে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আমরা অত্যন্ত খুশি যে ওয়ালটন গ্রুপ গেল তিন বছর এই টুর্নামেন্টের সঙ্গে ছিল এবং এবারও তারা চতুর্থ প্রেসিডেন্ট কাপ টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করতে এগিয়ে এসেছে। পরের বছরও তারা আমাদের সঙ্গে থাকবে বলে কথা হয়েছে এবং আমরা আশাবাদী পরবর্তী বছরগুলোতেও তাদেরকে আমরা পাশে পাব।’

এই টুর্নামেন্টটি আগামীকাল বুধবার থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে সেটা আমরা একদিন পিছিয়ে শুরু করছি। এবারের এই ওয়ালটন প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টে সাত শতাধিক গলফার অংশ নিবেন। দেশি গলফারদের পাশাপাশি বিদেশিরাও খেলবেন। ১৩ তারিখ আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে চূড়ান্ত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।’ যোগ করেন তিনি।

এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘গেল ছয় বছর ধরে আমরা গলফের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। আগে কেবল অ্যামেচার টুর্নামেন্ট করলেও এ বছর থেকে পেশাদার গলফের সঙ্গেও যুক্ত হয়েছি। বাংলাদেশ পেশাদার গলফার অ্যাসোসিয়েশনের আয়োজনে গেল মাসে সাভার গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে মার্সেল-বিপিজিএ ওপেন। আমরা সাভার গলফ ক্লাব ও ঘাটাইল গলফ ক্লাবের সঙ্গেও কাজ করছি। গলফে আন্তর্জাতিকভাবে আমরা যে সুনাম অর্জন করেছি সেটার ধারাবাহিকতা যাতে বজায় থাকে সেজন্য পাইপলাইনে আমরা ভালো ভালো কিছু গলফার তৈরি করতে চাই। সে লক্ষ্যে সব গলফ ক্লাবের সঙ্গেই সম্পৃক্ত থেকে চেষ্টা করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি বিভিন্ন গলফ ক্লাবে যতবেশি অ্যামেচার টুর্নামেন্ট আয়োজিত হবে ততবেশি পেশাদার গলফার তৈরি হবে। আন্তর্জাতিকভাবে তারা এক সময় সুনাম অর্জন করবে।’তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা ১৩ এপ্রিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।