ওয়াজ মাহফিল পর্যবেক্ষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে ওয়াজের নামে অনেকে সাম্প্রদায়িক, জঙ্গিবাদী, নারী বিদ্বেষ ও কটূক্তিমূলক বক্তব্য দিচ্ছেন, যা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের পর্যবেক্ষণ ও সুপারিশসহ ব্যবস্থা নিতে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফাবা), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বিভাগীয় কমিশনারদের সম্প্রতি চিঠি দিয়েছে। চিঠিতে আপত্তিকর ওয়াজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ছাড়াও ওয়াজেরিনদের (ইসলামী বক্তা) নিবন্ধনের ব্যবস্থা, যারা আর্থিক চুক্তিতে ওয়াজ করেন তাদের আয়করের আওতায় আনাসহ দেশের আইনবিরোধী কোনো ওয়াজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর আমরা কাজ শুরু করেছি। আমরা আগেই সারাদেশে ওয়াজেরিনদের একটা তালিকা করেছিলাম, সেটা আপডেট করছি। এরপর তাদের কীভাবে নিবন্ধনের আওতায় আনা যায় তা নিয়ে আমরা কাজ করব। মহাপরিচালক মহোদয় দেশের বাইরে আছেন। তিনি ফিরলেই আমরা বৈঠক করব। যারা ওয়াজ করেন তাদের নিয়েও আমরা আলাদা বৈঠক করব।’
তিনি বলেন, ‘যারা রাজনৈতিক প্রচার চালায় বিশেষ করে জামায়াতে ইসলামীর লোকজন তাদের আমরা তালিকায় রাখছিনা। এছাড়া যারা, জঙ্গিবাদ বা রাষ্ট্রের প্রচলিত আইনের বিরুদ্ধে যায় এমন ওয়াজ করেন তারাও তালিকায় থাকবেন না। যারা তালিকায় থাকবেন তাদের একটি নির্দিষ্ট ইসলামী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।’তিনি আরো বলেন, ‘আমরা কাউন্সেলিং-এর ব্যবস্থাও করছি। যারা ইসলামের ভুল ব্যাখ্যা দিচ্ছেন বা উসকানিমূলক বক্তব্য দেন তাদের আমরা প্রথমে কাউন্সেলিংয়ের মাধ্যমে সঠিক পথে আনার চেষ্টা করব।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে একশ্রেণির ইসলামী বক্তার ওয়াজে সাম্প্রাদয়িকতা ও জঙ্গিবাদের উসকানি দেয়ার কথা বলা হয়েছে। আর এ ধরণের ১৫ জন বক্তাকে চিহ্নিতও করা হয়েছে। তাদের কিছু বক্তব্যের উদ্ধৃতিও দেয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে। যেমন, ‘মূর্তি ভাঙা ধর্মীয় কাজ’, ‘রবীন্দ্রনাথ ঠাকুর কাফের’, ‘অমুসলিমদের সঙ্গে বন্ধুত্ব করলে ঈমান নষ্ট হয়ে যায়’, ‘গণতন্ত্র’, ‘সমাজতন্ত্র ধর্মনিরেপক্ষতাবাদ মুশরিকদের কাজ’, ‘শহিদ মিনারে ফুল দেয়া’, ‘ফুল দিয়ে নীরবতা পালন করা শিরক’, ‘জাতীয় সংগীত কওমি মাদ্রাসায় চাপিয়ে দেওয়া যাবে না’, ‘আল্লাহর রাস্তা প্রতিষ্ঠায় উত্তম জিহাদ হচ্ছে সশস্ত্র জিহাদ’, ‘আল্লাহ রসূলকে গালি দিলে কোপাতে হবে’, ‘ইসলামের বিরুদ্ধে আইন করলে কোপাতে হবে’, ‘ নারী হলো শষ্য ক্ষেত্র, সেখানে চাষ করতে হবে’ প্রভৃতি।যে ১৫ জনের নাম রয়েছে তাদের অনেককেই টেলিফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। তবে তাদের মধ্যে একজন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আমি দেখেছি। আমাকে ১৫ জনের তালিকায় রেখে তারা ঠিক করেনি। কারণ জিহাদ মানে যুদ্ধ। আমি বাংলাদেশ সরকারকে মিয়ানমারের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়েছি। কারণ মিয়ানমার বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করেছে। তারা রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধ করেছে। তাই মিয়ানমারের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়ে আমি কোনো অন্যায় করিনি। এটা আমি প্রকাশ্যেই করেছি।’
এদিকে ওয়াজ মাহফিল করে এখন অনেক অর্থও উপার্জিত হচ্ছে। কেউ কেউ হেলিকপ্টারে করেও একদিনে একাধিক জায়গায় ওয়াজ করছেন। তারা বড় অংকের টাকা নিয়ে চুক্তিতে ওয়াজ করেন। আর এখন অনেক বক্তা ইউটিউব চ্যানেল খুলে, সিডি বের করেও অর্থ আয় করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এজন্য জাতীয় রাজস্ব বোর্ডকেও চিঠি দিয়েছে তাদের আয়করের আওতায় আনার জন্য।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররাফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আয়কর যোগ্য আয় করলেই তাকে কর দিতে হবে। ওয়াজ মাহফিল করে যদি কেউ আয় করেন তাহলে তা অবশ্যই করের আওতায় আনা হবে। এনিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো চিঠি আমার হাতে এখনো আসেনি তবে আমরা এটা নিয়ে কাজ করছি। আরো অনেকে আয়কর দিতে চাননা, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার তাদেরও আয়করের আওতায় আনা হবে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়াজ নিয়ে মোট ৬ দফা সুপারিশ করেছে। সুপারিশের মধ্যে বিদ্বেষমূলক ওয়াজের কারণে সতর্ক করা ছাড়াও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও রাষ্ট্রবিরোধী বক্তব্য যারা দেবেন তাদের আইনের আওতায় আনার কথাও বলা হয়েছে।
এ নিয়ে শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসউদ বলেন, ‘বাংলাদেশে ওয়াজ মাহফিলের একটি ঐহিত্য আছে, বিশেষ করে শীতকালে। তাই এটা নিয়ে ঢালাওভাবে কিছু বলা ও করা হলে তাতে নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে। আমার কথা হলো, কেউ যদি তার ওয়াজে দেশের প্রচলিত আইনবিরোধী কিছু করেন তাহলে তার বিরুদ্ধে আইনেই ব্যবস্থা নেয়ার সুযোগ আছে এবং সেটা নেয়া উচিত।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ এখন ওয়াজ করে অনেকে ভালোই আয় করছেন। তাদের করের আওতায় আনা যেতে পারে। কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে আরো যারা আয় করছেন তাহলে তাদেরও করের আওতায় আনতে হবে। তা না হলে ন্যায়বিচার হবেনা।’
ওয়াজ মাহফিল মনিটরে ইসলামী চিন্তাবিদদের নিয়ে একটি কাউন্সিল করা যায় কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তাতে লাভ হবে বলে মনে হয়না। কারণ বাংলাদেশে মাওলানারা কোনো বিষয়ে একমত হতে পারেন না। যে যার চিন্তা অনুযায়ী কাজ করেন।’