এক ভোটে উতরে গেছে ব্রেক্সিট পেছানোর প্রস্তাব

ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট প্রক্রিয়া পেছানো নিয়ে আনা প্রস্তাবটি মাত্র এক ভোটের ব্যবধানে পাস হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদ প্রক্রিয়া যেন কোনো চুক্তি ছাড়াই সম্পন্ন না হয় তা নিশ্চিত করতেই ব্রেক্সিট প্রক্রিয়া ফের পেছানোর উদ্যোগ নিয়েছে ব্রিটেন।
লেবার এমপি ইভেট কুপার প্রস্তাবটি তোলেন, পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স তা একদিনেই পাস করে দেয়। প্রস্তাবের পক্ষে ৩১৩টি ও বিপক্ষে ৩১২ ভোট পড়ে।
এই প্রস্তাবটি আইনে পরিণত হতে পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ড সভার অনুমোদন লাগবে। খসড়া আইনে পরিণত হওয়া প্রস্তাবটি বৃহস্পতিবার লর্ড সভায় তোলা হবে।
তবে ব্রেক্সিট আর পেছানোর অনুমোদন দেওয়া হবে কি না সে সিদ্ধান্ত নিবে ইইউ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট নিয়ে বিরোধীদলীয় নেতা জেরেমি করবিনের সঙ্গে বৈঠক করার পর পার্লামেন্টে এ প্রস্তাবটি তোলা হয়। দুই নেতার মধ্যে আলোচনাকে ‘গঠনমূলক’বলে বর্ণনা করা হয়েছে এবং বৃহস্পতিবারও তাদের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ব্রেক্সিট ইস্যু নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা কাটাতে বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিনের সহায়তা চান প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য তার সঙ্গে দেখা করারও ইচ্ছা প্রকাশ করেছেন।
সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর ব্রেক্সিট ইস্যুর বিকল্প প্রস্তাবগুলোও পার্লামেন্টে প্রত্যাখ্যাত হওয়ার পর এ আগ্রহ ব্যক্ত করেন থেরেসা মে। তার প্রস্তাবে সাক্ষাতের প্রস্তাবে ‘সন্তুষ্টি’ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা করবিন। এরপরই বুধবার বৈঠকে বসেন দুই নেতা।
এদিকে লেবার দলীয় সাবেক মন্ত্রী কুপারের প্রস্তাবিত খসড়া আইনটি প্রধানমন্ত্রী মে-কে আর্টিকেল ৫০ এর প্রক্রিয়া ১২ এপ্রিল থেকে আরও পিছিয়ে দিতে ইইউকে অনুরোধ জানানোর অনুমতি দিবে এবং ব্রেক্সিটের সময়সীমা কতোদিন পেছানো হবে পার্লামেন্টকে সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিবে।