হুয়াওয়ে শীর্ষ ১০ আইসিটি মেধাবী শিক্ষার্থীর নাম ঘোষণা করল

বাংলাদেশের শীর্ষস্থানীয় ৫টি বিশ্ববিদ্যালয় থেকে সেরা ১০ জন আইসিটি মেধাবী শিক্ষার্থীর নাম ঘোষণা করেছে বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি সল্যুশন সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে। আজ ঢাকার একটি হোটেলে হুয়াওয়ের সবচেয়ে বড় সিএসআর প্রোগ্রাম ‘সিডস ফর দ্য ফিউচার’ ২০১৯ বাংলাদেশ-এর সমাপনী অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে চীনা দূতাবাসের ইকোনোমিক অ্যান্ড কমার্শিয়াল কাউন্সিলর লি গুয়াংজুন।এছাড়া হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঝাং জেংজুনও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
‘সিডস ফর দ্য ফিউচার’ ২০১৯-এর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে নির্বাচিত ১০ জন শিক্ষার্থী
চলতি বছর পাঁচটি বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে ১২০ জন করে মোট ৬০০ শিক্ষার্থী এই প্রতিযোগিতার প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় অংশ নেন। তবে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ জন করে মোট ৭৫ জন শিক্ষার্থী প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায়ে অংশ নেন। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীর মধ্য থেকে চূড়ান্তভাবে দুইজন শিক্ষার্থীকে বাছাই করা হয়। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধান, সিনিয়র শিক্ষক এবং হুয়াওয়ের বিশেষজ্ঞ দলের সহায়তায় এসব শিক্ষার্থীকে বাছাই করা হয়েছে।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘এ ধরনের আয়োজন আমাদের তরুণ শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির যাত্রায় আরো দ্রুত এগিয়ে যেতে সাহায্য করবে। হুয়াওয়ের এই আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার। আজ আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে পুরোপুরি ডিজিটাল হওয়ার পথে। আমি হুয়াওয়েকে ধন্যবাদ জানাই এই অগ্রযাত্রায় পাশে থাকার জন্য। আমরা বাংলাদেশে ৫জি আনতে আর একচুলও পিছিয়ে নেই। হুয়াওয়ে দেখিয়ে দিয়েছে প্রযুক্তি তাদের হাতের নাগালে কাজ করছে। হুয়াওয়ের সঙ্গে আমরা ইতোমধ্যেই কাজ করে আশাবাদী ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে আমরা ৫জি আনতে পারবো। তবে আমরা যাতে এর আগেই আনতে পারি সেই অনুরোধ করবো হুয়াওয়েকে।’