
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে নিজস্ব বই নিয়ে প্রবেশ করার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে আয়োজিত এক মানবন্ধনে তারা এ দাবি জানান।
এছাড়াও তারা আরো কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- গ্রন্থাগার দৈনিক ১৪ ঘন্টা খোলা রাখা, গ্রন্থাগারের আসন সংখ্যাবৃদ্ধি, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্রন্থাগার খোলা রাখা, শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চালু রাখা, সরকারি ছুটি ব্যতীত অন্য সময় গ্রন্থাগার ও ডিসকাশন রুম খোলা রাখা, অবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ এবং পর্যাপ্ত পাখার ব্যবস্থা করা।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্রন্থাগারের ডিসকাশন রুমে মাত্র ১১৮টি আসন রয়েছে। এই কয়েকটি আসনের জন্য ভোর ছয়টা থেকে সিরিয়াল দিতে হয়। অথচ গ্রন্থাগারের দ্বিতীয় তলায় প্রায় ১৫০০-২০০০ জন শিক্ষার্থীর পড়ার সুযোগ থাকলেও নিজস্ব বই, শীট, ফটোকপি নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা থাকায় সারাদিন দ্বিতীয় তলা ফাকা থাকে। তবে কর্তৃপক্ষকে গত ২-৩ বছর ধরে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করেন নি। তাই দ্রুত গ্রন্থাগার সংস্কারসহ এসব পদক্ষেপ গ্রহণ করতে হবে।
