
শিক্ষা ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হওয়ার প্রতিবাদে ভিসি আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুরসহ বামপন্থি ছাত্রসংগঠনগুলো। বিচার না পাওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করার ঘোষণা দিয়েছেন।
জানা যায়, ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে মারধরের শিকার এক আবাসিক শিক্ষার্থীকে দেখতে গিয়ে সলিমুল্লাহ মুসলিম হলে অবরুদ্ধ হন নুরুল হক নুর। হল সংসদের নেতৃত্বে থাকা ছাত্রলীগ নেতারা তাকে অবরুদ্ধ করে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। প্রায় দুই ঘণ্টা তিনি সেখানে অবরুদ্ধ থাকেন। যদিও হল প্রাধ্যক্ষের দাবি, তাকে অবরুদ্ধ করা হয়নি।
এরপর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নুর সেখান থেকে ছাড়া পান। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং ডিম ছুড়ে মারে ছাত্রলীগের কর্মীরা। তার সঙ্গে থাকা কয়েকজন আহতও হন। পরে প্রতিবাদস্বরূপ নুর ভিসির বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন।
