খালেদার চিকিৎসার অবহেলা যেন না হয়

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও বিশেষায়িত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সাংবাদিকদের কাছে এ দাবি জানান তিনি।
এর আগে দুপুর ১২টা ৩৭ মিনিটে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়াকে বহনকারী কালো রঙের গাড়িটি হাসপাতালে পৌঁছায়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খালেদা জিয়া ভীষণ অসুস্থ, তার চিকিৎসার যেন অবহেলা না হয়, সরকারের কাছে এটিই আমাদের দাবি।’‘আমরা বারবার বলেছি, বিএসএমএমইউতে বেগম জিয়া আসতে চান না। কারণ তিনি মনে করেন এখানে তার চিকিৎসা হচ্ছে না, চিকিৎসা হয় না। এজন্য আমরা বলেছি, তাকে একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করার জন্য। কিন্তু সরকার এই কথাগুলোকে কর্ণপাত করেনি। তাকে আজকে আবারও এখানে নিয়ে এসেছে।’
তিনি বলেন, ‘আমরা বেগম জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন ও সঙ্কিত। এজন্য বারবার আমরা বলছি, উন্নত চিকিৎসা তাকে অবশ্যই বিশেষায়িত হাসপাতালে পাঠানো হোক।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করবো, সরকার সর্বোচ্চ চেষ্টা করবে, যাতে এখানে খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয় এবং ভালো পরিবেশ যাতে তৈরি করা হয়। সুতরাং এখানে তাকে এমনভাবে যাতে রাখা না হয়… তিনি যেন মনে না করেন তাকে বন্দী অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হাইকোর্টের নির্দেশ আছে যে, বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেই তার চিকিৎসা করবে।